ফ্লোরিডায় ব্যস্ত সড়কে জরুরি অবতরণ, ছোট বিমান ধাক্কা দিল পিকআপ ট্রাকে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ছোট বিমান ব্যস্ত সড়কে জরুরি অবতরণ করতে গিয়ে চলন্ত একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে। ভিডিওতে ধরা পড়া এই নাটকীয় ঘটনায় কেউ আহত হননি।
লি কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, শনিবার দুপুরের দিকে নর্থ ফোর্ট মায়ার্সে বেইশোর রোড ও ইন্টারস্টেট ৭৫-এর কাছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিকে জরুরি অবতরণের চেষ্টা করতে হয়। বিমানে দুজন পাইলট ছিলেন।
ফ্লাইটঅ্যাওয়্যার ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি শনিবার সকাল ১১টার দিকে ফ্লোরিডার সেব্রিং থেকে যাত্রা শুরু করে এবং প্রায় ৫০ মিনিট পর, বেলা ১১টা ৫০ মিনিটে জরুরি অবতরণ করে।
সড়ক থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানের চাকা অ্যাসফল্টের ওপর নামার সঙ্গে সঙ্গে সেটি বেইশোর রোড ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং একই দিকে চলা পিকআপ ট্রাকের পেছনে এর ডানা আঘাত করছে। শেরিফের দপ্তর জানিয়েছে, ট্রাকটি পূর্বদিকে যাচ্ছিল যখন বিমানটি তাতে আঘাত করে।
লি কাউন্টির শেরিফ কারমাইন মারসেনো এক বিবৃতিতে বলেন, সৌভাগ্যবশত এই ঘটনার ইতিবাচক পরিণতি হয়েছে এবং কেউ আহত হননি। তিনি বলেন, সাম্প্রতিক বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবরের পরিপ্রেক্ষিতে সবাই নিরাপদ থাকায় তাঁরা বিশেষভাবে কৃতজ্ঞ।
মারসেনো দ্রুত সাড়া দেওয়ার জন্য টহল ডেপুটি, ফ্লোরিডা পরিবহন বিভাগের দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডা শাখা এবং বেইশোর ফায়ার রেসকিউকে কৃতিত্ব দেন।
শেরিফের দপ্তর জানিয়েছে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে। শেরিফ মারসেনো বলেন, ঘটনার পরিস্থিতি পর্যালোচনায় এফএএর সঙ্গে তাঁরা ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবেন।
এই ঘটনা ঘটল গ্রিনএকার্সে একটি লিয়ারজেট বিধ্বস্ত হয়ে আরোহী নয়জনের সবাই নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময় পর। গত ১ নভেম্বর, রোববার পাম বিচ কাউন্টিতে ওই দুর্ঘটনা ঘটে। ফেডারেল তদন্তকারীরা সেই দুর্ঘটনার কারণ নির্ধারণে কাজ করছেন।



