পুতিনকে ফোন করে ইউরোপে ফাটল: শান্তির পথ, নাকি আগ্রাসনকে পুরস্কার?

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন। তারা আশা করেছিলেন, রাশিয়ার নেতার সঙ্গে এই নাটকীয় ও সরাসরি হস্তক্ষেপ ইউরোপের দৃঢ় সংকল্প দেখাবে।
কিন্তু হেলসিংকিতে এক স্যাঁতসেঁতে শরতের সকালে প্রেসিডেন্সিয়াল প্যালেসের ঝাড়বাতি ও তৈলচিত্রের নিচে বসে করা সেই ফোনালাপ উল্টো ফল দিয়েছে। পুতিনের পূর্ণমাত্রার আগ্রাসনের পর নর্ডিক মিত্রদের মধ্যে এটাই সবচেয়ে বড় ফাটল তৈরি করেছে। একই সঙ্গে মস্কোর সঙ্গে কীভাবে আচরণ করা যায়, তা নিয়ে ইউরোপের বৃহত্তর বিভাজনও সামনে চলে এসেছে।
রাশিয়া ও ইউক্রেনের আলোচকেরা এই সপ্তাহে আবুধাবিতে ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রেক্ষাপটে ফোনালাপের প্রভাব এখনও ইউরোপজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। ভবিষ্যতের আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব কে করবে, তা নিয়ে সরকারগুলো তর্ক করছে। আর বিতর্কের কেন্দ্রে থাকা প্রশ্নটি হলো—পুতিনের সঙ্গে সম্পৃক্ততা কি শান্তি আনতে সাহায্য করে, নাকি তা কেবল আগ্রাসনকে পুরস্কৃত করে?
ইউরোপের উদ্বেগের নিচে আরও একটি দ্বিধা রয়েছে: আমেরিকাকে কি তাদের জন্য, আর সবচেয়ে বেশি ইউক্রেনের জন্য, একটি ন্যায্য চুক্তি করিয়ে দেওয়ার ব্যাপারে বিশ্বাস করা যায়?
ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই সপ্তাহে ডাবলিনে এক অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে এসব প্রশ্ন নিয়ে আলোচনা করবেন। সংশ্লিষ্টদের খুব কমজনই মনে করেন তারা একমত হতে পারবেন।
অসলোতে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোরে ব্যাখ্যা করেন কেন তিনি ও স্টাব এমন এক নেতাকে ফোন করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যিনি ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছেন এবং প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যা করছেন।
স্টোরে বলেন, ‘আমরা ইউক্রেনকে সমর্থনে আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি, কিন্তু মস্কো পর্যন্ত পৌঁছানো একমাত্র কণ্ঠস্বর আসে ওয়াশিংটন থেকে। আর আপনারা জানেন, আমেরিকান আলোচকদের সঙ্গে, আমেরিকান প্রশাসনের সঙ্গে আমাদের ভালো ও খোলামেলা সম্পর্ক রয়েছে, কিন্তু এই যুদ্ধ হয় ইউরোপে। আর মাসের পর মাস এটা ভেবে বসে থাকা যে মস্কোর সঙ্গে কথা না বলে এই যুদ্ধ শেষ হবে, আমার মতে সেটা একটা ভ্রম।’
পুতিনের রাশিয়ার সঙ্গে সীমান্ত ও ইতিহাস ভাগ করে নেওয়া অন্য দেশগুলো গভীরভাবে দ্বিমত পোষণ করে। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিহাল পলিটিকোকে আরেক সাক্ষাৎকারে বলেন, ‘ইউরোপের মধ্যস্থতাকারীর অবস্থানে থাকা উচিত নয়। স্বৈরশাসককে খুশি করার চেষ্টার ভূমিকা নেওয়া উচিত নয়।’
২০২৫ সালের শুরুতে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ইউরোপ ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারে হিমশিম খাচ্ছে। ফিরেই তিনি পুতিনকে ফোন করেন এবং কিয়েভকে মার্কিন আর্থিক সহায়তা বন্ধ করে দেন।
ট্রাম্পের হস্তক্ষেপ তার পূর্বসূরি জো বাইডেনের আমলে গড়ে ওঠা আটলান্টিকপার ঐকমত্য ভেঙে দেয়। এটি পুতিনকে একটি সুবিধাজনক যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসার সম্ভাবনা দেয়।
এ বছর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সেই গতি ব্যাহত করে। কিন্তু অক্টোবরে ট্রাম্প আবার ইউক্রেন প্রসঙ্গে ফিরে আসেন। তিনি রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেন, আর বলেন পুতিনের পক্ষ ‘ভালো’ ছিল।
আলোচনা ভেঙে পড়ার দিকে যাচ্ছে—এমন আশঙ্কায় স্টাব ও স্টোরে হস্তক্ষেপ করেন। স্টোরে অসলোতে জেলেনস্কি ও ট্রাম্পের দূত স্টিভ উইটকফকে আতিথ্য দেন সম্পর্ক মেরামতের চেষ্টায়। সেখানে উপস্থিত স্টাব ঘোষণা করেন, ২০ অক্টোবরের বৈঠক শান্তি প্রক্রিয়াকে ‘আবার সঠিক পথে’ ফিরিয়ে এনেছে।
কিন্তু ২৪ ঘণ্টা পর উইটকফ আবারও ইউরোপীয় নেতাদের চমকে দেন। সেই ঘটনার পর থেকেই ফোনালাপটি নিয়ে বিতর্ক চলছে—ইউরোপ কি পুতিনের সঙ্গে কথা বলে শান্তির দিকে এগোবে, নাকি তাতে আগ্রাসনই পুরস্কৃত হবে?


