মেক্সিকোয় গ্রেপ্তার হালিস্কো কার্টেলের কথিত নেতা 'আর২'
মেক্সিকোর কর্তৃপক্ষ দেশটির অন্যতম প্রধান অপরাধী গোষ্ঠী হালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) এক কথিত নেতাকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে।
রাফায়েল আলভারেজ, যিনি 'আর২' নামে পরিচিত, গুয়াদালাহারা মহানগর এলাকার সাপোপান শহরে রোববার এক অভিযানে গ্রেপ্তার হন। যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে।
আলভারেজ সিজেএনজির 'লস আরস' সেলের নেতৃত্ব দিচ্ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এই সেলটি মূলত চাঁদাবাজি, মাদক পাচার, হত্যা, অবৈধভাবে আটক, অপহরণ এবং কর্তৃপক্ষের ওপর হামলার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ।
হারফুচ জানান, এই গোষ্ঠীর চাঁদাবাজির শিকারদের মধ্যে ব্যবসায়ী ও অ্যাভোকাডো উৎপাদনকারীরা রয়েছেন।
গ্রেপ্তারের সময় গোলাগুলি শুরু হলে আলভারেজ গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে হারফুচ এক্সে জানিয়েছেন।
আলভারেজের বিরুদ্ধে মেক্সিকোতে গুরুতর হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্য তাঁর বিরুদ্ধে আরেকটি পরোয়ানাও রয়েছে।
অভিযানে মেক্সিকোর জাতীয় গোয়েন্দা কেন্দ্রসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়। এ সময় আলভারেজ ছাড়াও আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
আলভারেজ অন্তত ১৯ জনকে হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে গত বছর মিচোয়াকান রাজ্যের অ্যাভোকাডো উৎপাদনকারী এলাকা উরুয়াপানের জনপ্রিয় অপরাধবিরোধী মেয়র কার্লোস মানসোর হত্যাকাণ্ডও রয়েছে।
সিজেএনজি হালিস্কো ও মিচোয়াকান রাজ্যে সক্রিয়। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সরকার গোষ্ঠীটিকে 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা করে। সহিংস কৌশল ও কর্তৃপক্ষের ওপর হামলার জন্য গোষ্ঠীটি কুখ্যাত।
যুক্তরাষ্ট্রে মাদক পাচার নিয়ে গোষ্ঠীটি সিনালোয়া কার্টেলের সঙ্গে প্রতিযোগিতা করে।
গত ফেব্রুয়ারিতে এক সামরিক অভিযানে সিজেএনজির প্রতিষ্ঠাতা নেমেসিও 'এল মেনচো' ওসেগেরা নিহত হওয়ার পর থেকে গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কার্টেলগুলো সক্রিয় এলাকাগুলোতে মুক্তিপণের জন্য অপহরণের খবর এখনো আসছে।
মেক্সিকো জুড়ে প্রায় এক লাখ ৩৪ হাজার মানুষ নিখোঁজ বলে ধারণা করা হয়। এর মধ্যে হালিস্কোতেই নিখোঁজের সংখ্যা সবচেয়ে বেশি।
