বাবার পরিচালনায় প্রথম সিনেমা, ‘যাপিত জীবন’ নিয়ে যা বললেন ভাবনা
অভিনয়, নৃত্য, আঁকাআঁকি আর লেখালেখি—নানা গুণের গুণী আশনা হাবিব ভাবনা। ২০ নভেম্বর মুক্তি পাবে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘যাপিত জীবন’।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন ভাবনারই বাবা, নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। নতুন সিনেমা এবং অন্যান্য কাজ নিয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন ইব্রাহীম জাহিদ।
তিন বছর আগে ‘যাপিত জীবন’-এর কাজ করেছিলেন ভাবনা। অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে—অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘খুব ভালো। প্রথম কথা হচ্ছে, এটি আমার বাবার সিনেমা।’ ভাবনা জানান, তাঁর বাবা একজন পরিচালক ও প্রযোজক। কিন্তু ক্যারিয়ারে কখনো বাবার সঙ্গে কাজ করেননি তিনি। নিজের মতো করে, একা একাই কাজ করতে চেয়েছিলেন। এবার সেই জায়গা থেকে বেরিয়ে বাবার সঙ্গে কাজ করেছেন।
তিনি চান, সিনেমাটি দর্শকের কাছে পৌঁছাক। এটি কোনো বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি নয়, সরকারি অনুদানের সিনেমা। এটি সেলিনা হোসেনের বহুলপঠিত উপন্যাস অবলম্বনে নির্মিত।
‘আমরা চাই, দেশের কথা, সাহিত্যের কথা, কবিতা ও গল্পের কথা দর্শকের সামনে তুলে ধরতে। বাণিজ্যিক সিনেমা অবশ্যই থাকবে। তবে আমাদের দেশের গল্প নিয়ে নির্মিত সিনেমাও যখন মানুষ হলে গিয়ে দেখবেন, সেটিই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।’—বলেন ভাবনা।
সিনেমাটি তাঁর কাছে বিশেষ, কারণ প্রথমবার বাবার পরিচালনায় কাজ করেছেন। এর আগে কখনো তাঁর সঙ্গে কাজ করা হয়নি। নিজের ক্যারিয়ারে তিনি আলাদাভাবে এগোতে চেয়েছিলেন। কিন্তু ‘যাপিত জীবন’ করতে গিয়ে বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা হলো। একই সঙ্গে এটি দেশের ইতিহাস, ভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত একটি গল্প। ফলে সিনেমাটি তাঁর কাছে অন্য রকম গুরুত্ব বহন করে।
সিনেমাটির মুক্তিতে এত বিলম্বের কারণ জানতে চাইলে ভাবনা বলেন, বিলম্বের পেছনে বেশ কিছু কারণ আছে। একটি সিনেমার শুটিং করতেই প্রায় এক বছর লেগে যায়। এরপর সম্পাদনা, সেন্সরসহ আরও অনেক কাজ থাকে। পাশাপাশি দেশের পরিস্থিতিও বিবেচনায় নিতে হয়। সব মিলিয়ে সিনেমাটি নির্মাণ ও মুক্তির প্রস্তুতি নিতে সময় লেগেছে।
বাবার পরিচালনায় প্রথম সিনেমায় কাজের অভিজ্ঞতা কেমন ছিল—জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ অনেক ছিল। অন্য সেটে তিনি শুধু একজন অভিনেত্রী। কিন্তু এখানে সিনেমাটির সঙ্গে তাঁর একাধিক দায়িত্ব জড়িয়ে ছিল। অন্য অভিনেতা-অভিনেত্রীদের বিষয়গুলোও তাঁকে দেখতে হয়েছে। এক কথায়, এখানে তিনি শুধু অভিনয়শিল্পীই ছিলেন না, দলেরও একজন সদস্য ছিলেন। ফলে তাঁর কাজ ও দায়িত্ব দুটোই বেশি ছিল।
উপন্যাসের চরিত্র আনজুমকে পর্দায় ফুটিয়ে তোলা কতটা কঠিন ছিল—এ প্রশ্নে ভাবনা বলেন, আনজুম চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ, তিনি এখন ২০২৬ সালের ভাবনা, আর আনজুম ১৯৪৭ সালের একজন মানুষ। সময়ের ব্যবধান অনেক।
সেই সময়ের একজন মানুষের স্থিরতা, মানসিক গঠন ও জীবনবোধ বুঝে চরিত্রটি ধারণ করতে হয়েছে। এ জন্য মানসিকভাবে স্থির থাকা খুব জরুরি ছিল। অথচ তিনি নিজে খুব একটা স্থির মানুষ নন; অনেক কিছু একসঙ্গে করেন। ফলে আনজুম হয়ে ওঠা তাঁর জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল।
দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্প বর্তমান সময়ের দর্শকদের জন্য কতটা জরুরি—জানতে চাইলে ভাবনা বলেন, ভাষার জন্য রক্ত দিয়ে আমরা মাতৃভাষা অর্জন করেছি। ভাষার জন্য লড়াই করার এমন ইতিহাস পৃথিবীতে আর কোথায় আছে? এ বিষয়টি নিয়ে আরও বেশি কথা বলা উচিত বলে মনে করেন তিনি।
তিনি তাঁর বাবাকে সাধুবাদ জানাতে চান—সত্তরোর্ধ্ব একজন মানুষ হয়েও তিনি নিজের দায়িত্ব পালন করছেন। এই সময়ে এসে ভাষার কথা বলছেন, মুক্তিযুদ্ধের কথা বলছেন। ভাবনার কাছে এটি অনেক বড় দায়িত্বের জায়গা। একই সঙ্গে এটি সাহসেরও ব্যাপার।
‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিচ্ছে। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে—জানতে চাইলে ভাবনা বলেন, দেশে মুক্তির বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। এ বিষয়ে প্রযোজকই ভালো বলতে পারবেন।
‘ঢাকা ১২০৫’ ও ‘যাযাবর’সহ নতুন কয়েকটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। তিনটি সিনেমার কাজ একসঙ্গে চলছে। ‘ঢাকা ১২০৫’, ‘যাযাবর’ ও ‘পায়েল’—সবগুলোর কাজই শেষের দিকে। তবে ‘যাযাবর’-এর শুটিং এখনো বাকি আছে। এর প্রথম লটের শুটিং হয়েছে। পরিচালক বলেছেন, ঈদে সিনেমাটি মুক্তি দেবেন। ইনশাআল্লাহ, এবার ঈদে তাঁর একটি সিনেমা মুক্তি পাবেই। সেটি ‘যাযাবর’, ‘ঢাকা ১২০৫’ কিংবা ‘পায়েল’ যেকোনো একটি হতে পারে।
আঁকাআঁকি ও লেখালেখি কেমন চলছে—জানতে চাইলে ভাবনা বলেন, আঁকাআঁকি ও লেখালেখি তো চলতেই থাকে। যখনই কিছু লেখেন বা আঁকেন, তা ফেসবুকে শেয়ার করেন। কবিতাও লিখছেন। ইনশাআল্লাহ, খুব দ্রুত তাঁর কবিতার বই প্রকাশ পাবে। আপাতত ‘যাপিত জীবন’ নিয়ে ব্যস্ত আছেন তিনি।
এবারের একুশে বইমেলায় কবিতার বই আসার সম্ভাবনা আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, কবিতার বই প্রকাশের ইচ্ছা আছে। ইনশাআল্লাহ, খুব দ্রুত প্রকাশ করবেন। তবে এই বইমেলায় কি না, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না। বইমেলায় যাওয়ার সুযোগ হলে অবশ্যই পাঠকদের সঙ্গে দেখা হবে।



