৪৮ ঘণ্টার ব্যবধানে দুই ছেলেকে হারালেন চট্টগ্রামের কবির-আয়েশা দম্পতি

চাকরিজীবী মোহাম্মদ কবির ও স্ত্রী আয়েশা বেগমের সংসারে আর কেউ রইল না। ৪৮ ঘণ্টার মধ্যে একে একে চলে গেল তাঁদের দুই ছেলে।
রোববার (৮ নভেম্বর) দিনগত রাত পৌনে দুইটার দিকে খবরটা এলো। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিশ্বাস ত্যাগ করেছে ১০ মাসের আবু বক্কর আরব। রাত ১টা ১০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এর ঠিক দুইদিন আগে শুক্রবার (৬ নভেম্বর) সকালে ওই হাসপাতালে মারা গিয়েছিল তার বড় ভাই, ১০ বছরের আরাফাত।
দুই ভাইয়ের অসুখের গল্পটা প্রায় এক। প্রথমে ডেঙ্গু ধরা পড়ে। তারপর একে একে হাম আর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। প্রায় দুই সপ্তাহ ধরে কবির-আয়েশার দিন কেটেছে হাসপাতালের বারান্দায়।
শুরুতে আরাফাতকে নেওয়া হয় সাউদার্ন মেডিকেলে। অবস্থার অবনতি হলে ইমপেরিয়ালে। সেখান থেকে শেষ ভরসা হিসেবে মা ও শিশু হাসপাতালে। কিন্তু কোনো চেষ্টাই আরাফাতকে ফেরাতে পারেনি।
বড় ছেলে চলে যাওয়ার পর সব আশা ছিল ছোট ছেলেকে ঘিরে। আরবকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। বাবা হিসেবে চিকিৎসকদের হাতে-পায়ে ধরেছেন কবির। সৃষ্টিকর্তার কাছে করেছেন প্রার্থনা— ‘একটা ছেলেকে অন্তত ফিরিয়ে দাও’।
দুই ছেলের চিকিৎসা চালাতে গিয়ে ধারে ডুবে গেছেন কবির। চাকরির বেতনে কুলাচ্ছিল না। তবু ভেবেছিলেন, টাকা গেলে টাকা আসবে, ছেলেরা বেঁচে থাকুক। কবির জানান, ‘ডাক্তার বললো, বুকের মানিক আর নেই। আমাদের কোল শূন্য হয়ে গেল’।
সোমবার (৯ নভেম্বর) ছোট ছেলেকে বড় ছেলের পাশে শায়িত করা হচ্ছে। মোমেনবাগ কবরস্থানে পাশাপাশি ঘুমাবে দুই ভাই।


