বল টেম্পারিংয়ের ব্যাপারে পুরো দল জানত, খাজার দাবিতে ওয়ার্নারের সমর্থন

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন বলে দাবি করেছিলেন উসমান খাজা। এবার তার সেই দাবিকে শতভাগ সঠিক বলে সমর্থন জানালেন ডেভিড ওয়ার্নার। সাবেক এই অজি ওপেনারের মতে, খাজা যা বলেছেন, তা পুরোপুরি সত্য।
সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজার বিস্ফোরক মন্তব্যে আট বছর আগের বল টেম্পারিং বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনায় নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার এবং ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। তবে খাজার সাম্প্রতিক দাবি, সেই ঘটনা সম্পর্কে দলের সবাই অবগত ছিলেন।
তার এই বক্তব্য ২০২১ সালে অস্ট্রেলিয়ার চার বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়নের দেওয়া যৌথ বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক। ওই বিবৃতিতে তারা বলেছিলেন, বল বিকৃতির বিষয়ে আগে থেকে তাদের কোনো ধারণা ছিল না।
রোববার (৯ নভেম্বর) নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে খাজার পাশে দাঁড়ান ওয়ার্নার। সত্য প্রকাশ্যে আনার জন্য সাবেক সতীর্থকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি খাজা নিজের আসন্ন আত্মজীবনী ‘সাবর’ বিক্রির প্রচারের জন্য এসব কথা বলছেন, এমন ধারণাও নাকচ করে দেন।
ভিডিওতে ওয়ার্নার বলেন, ‘খাজা, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তুমি যা করেছ, তার জন্য ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক। এখন সবাই সত্যটা জানে, বিষয়টি প্রকাশ্যে এসেছে।’
খাজা আরও জানিয়েছিলেন, টেস্ট ম্যাচ চলাকালে ব্যানক্রফটের পাশে বসে থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। ওয়ার্নারও এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তার মতে, তদন্তপ্রক্রিয়ায় যথেষ্ট স্বচ্ছতা ও পূর্ণাঙ্গ অনুসন্ধানের অভাব ছিল।
ওয়ার্নার বলেন, ‘পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে করা হয়েছিল এবং এতে অনেক ভুল ছিল। উজি ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে ছিল। অথচ তাকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়? বিষয়টি আমাকে বিস্মিত করে।’
তিনি আরও বলেন, ‘আমরা কাউকে দোষারোপ করতে চাইছি না, পুরোনো ক্ষতও নতুন করে খুলতে চাইছি না। বিষয়টি জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার, সত্যকে যথাযথভাবে খতিয়ে দেখার। যারা তদন্তের দায়িত্বে ছিলেন, তাদের জবাবদিহি চাওয়ার সময় এসেছে। যারা জবাবদিহি চাইছেন, তাদেরই বরং বারবার প্রশ্নবিদ্ধ করা বন্ধ করা উচিত।’
বল টেম্পারিংয়ের ওই ঘটনা নিয়ে গত আট বছরে সংবাদমাধ্যমে অনেক বক্তব্য ও ভুল তথ্য প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন ওয়ার্নার। এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার আগে কয়েক দিন সময় নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন এই সাবেক অজি ওপেনার। নিজের মেয়েদের সঙ্গে কথা বলে তাদের পুরো ঘটনা ও এর পরবর্তী পরিস্থিতি বোঝাতে চেয়েছিলেন তিনি।
আবেগাপ্লুত ওয়ার্নার জানান, বিশেষ করে তার ১২ বছর বয়সী মেয়ে আইভি জানতে চেয়েছিল, কেন তাকে জড়িয়ে ধরে রাখা হচ্ছে, কেন এত ক্যামেরা এবং টেলিভিশনে সবাই কাঁদছে। মেয়েদের কাছে ঘটনার ব্যাখ্যা দেওয়া তার জন্য কঠিন ছিল। তবে তাদের একটি কথাই বলেছেন, ‘মেয়েরা, সব সময় সত্য বলবে। কারণ মিথ্যা একদিন না একদিন প্রকাশ পাবেই।’
পুরোনো এই ঘটনা আবার সামনে আসায় নিজের পরিবার ছাড়াও স্মিথ ও ব্যানক্রফটের পরিবারের জন্য সময়টা কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন ওয়ার্নার। তবে তার বিশ্বাস, সত্য প্রকাশের জন্য বিষয়টি আবার সামনে আসা প্রয়োজন ছিল।
উল্লেখ্য, বল টেম্পারিংয়ের ঘটনায় ওয়ার্নারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

