ফুল, অশ্রু আর ভালোবাসায় মিগেলকে শেষ বিদায় জানাল তেরেনিফে

ফুটবল মাঠে আর ফিরবেন না হেসুস দে মিগেল। তবে সতীর্থ ও সমর্থকদের হৃদয়ে থেকে যাবেন চিরকাল। স্প্যানিশ ক্লাব সিডি তেরেনিফের এই ফরোয়ার্ডের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ফুটবল অঙ্গনে। এবার অশ্রুসিক্ত শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় সতীর্থকে বিদায় জানিয়েছেন তেরেনিফের খেলোয়াড়, সমর্থক ও পরিবারের সদস্যরা।
পাঁচ দিন আগে যে মাঠে লুটিয়ে পড়েছিলেন দে মিগেল, শনিবার সেই মাঠেই তার স্মরণে আয়োজন করা হয় বিশেষ স্মরণসভা। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের রাজধানী সান্তা ক্রুজের হেলিওদোরো রদ্রিগেস লোপেস স্টেডিয়ামে জড়ো হন হাজারো মানুষ। মাঠের যে জায়গায় পড়ে গিয়েছিলেন দে মিগেল, সেখানে রাখা হয় ফুলের তোড়া।
সতীর্থরা মাঠে আসেন কালো পোশাকে। মাথার ওপর ঝুলছিল একটি ব্যানার, যাতে লেখা ‘এতেরনো দেমি ৯’। অর্থাৎ, চিরন্তন দেমি ৯। সতীর্থদের কাছে দেমি নামেই পরিচিত ছিলেন এই ৯ নম্বর জার্সিধারী।
গ্যালারিতে সমর্থকদের কণ্ঠে বারবার উচ্চারিত হয় তার নাম। যে নাম একসময় গোল উদযাপনে গর্জে উঠত গ্যালারিতে, সেদিন সেই স্লোগানই হয়ে ওঠে বিদায়ের আর্তনাদ। নীরবতা ভেঙে করতালির পর বাজানো হয় ক্লাবের শতবর্ষের সংগীত।
স্মরণসভায় সতীর্থদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি অধিনায়ক এনরিক গায়েগো। সতীর্থ হিসেবে দে মিগেলের সরলতা ও অন্যের অসুবিধা না করার মানসিকতার কথা স্মরণ করেন তিনি। একবার গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পর কারও সাহায্য না চেয়ে হেঁটেই বাড়ি ফিরেছিলেন দে মিগেল।
আবেগাপ্লুত গায়েগো বলেন, ‘এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমাদের সঙ্গে এমনটা ঘটেছে। দেমি, তুমি সব সময় আমাদের একজন হয়েই থাকবে। তুমি আর আমাদের সঙ্গে থাকবে না, এই সত্য মেনে নিতে এখনো আমাদের কষ্ট হচ্ছে।’
স্মরণসভায় দে মিগেলের বাবা-মা, বোন, স্ত্রী ও মেয়েকে করতালির মাধ্যমে স্বাগত জানান উপস্থিত সবাই। প্রিয়জনকে হারানোর শোকের মধ্যেও হাজারো মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছে পরিবারটি।
অধিনায়ক গায়েগো প্রতিশ্রুতি দেন, দে মিগেলের ১৮ মাস বয়সী মেয়ে কার্লা বড় হবে তার বাবার স্মৃতি ও অবদানের গল্প শুনে। মেয়েটির ১৮ বছর বয়স পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি।
এই শোকের দিনে দ্বীপপুঞ্জের ফুটবল প্রতিদ্বন্দ্বিতাও যেন মুছে যায়। প্রতিদ্বন্দ্বী ক্লাব ইউডি লাস পালমাসের সমর্থকগোষ্ঠী ‘উলত্রা নাসিয়োনে’ও স্মরণসভায় ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানায়।
তেরেনিফের সমর্থকগোষ্ঠী পেনিয়া ইবেরিকার সভাপতি হোসে দিয়াস মুরোস বলেন, ‘একজন খেলোয়াড় যখন আপনার দলের অংশ হয়ে ওঠেন, তখন তিনি আপনার জীবনেরও অংশ হয়ে যান। ঘরের কথোপকথন, সাপ্তাহিক ছুটির দিন কিংবা পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিতে তিনি জড়িয়ে থাকেন। এ কারণেই ব্যক্তিগতভাবে না চিনলেও এমন মৃত্যু খুব কাছের কাউকে হারানোর মতো মনে হয়।’
দে মিগেলের মৃত্যুর খবর মঙ্গলবার নিশ্চিত করা হয়। এর আগে সোমবার দ্বিতীয় বিভাগের ম্যাচে তেরেনিফের মুখোমুখি হয়েছিল আন্দোরা। ম্যাচে আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন দে মিগেল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
এই মর্মান্তিক ঘটনা স্পেনের ফুটবল অঙ্গনকে এক করেছে। একই সঙ্গে শোক কাটিয়ে ওঠার জন্য খেলোয়াড়দের ম্যাচ স্থগিতের আবেদন নিয়ে ফুটবল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্পেনের খেলোয়াড়দের সংগঠন এএফই জানিয়েছে, বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে তারা ম্যাচ স্থগিতের পক্ষে সর্বসম্মত মত পেয়েছিল। খেলোয়াড়দের মানসিক অবস্থা প্রতিযোগিতায় ফেরার মতো ছিল না। লাস পালমাসের ডিফেন্ডার আলেহান্দ্রো সুয়ারেসও প্রকাশ্যে বলেন, ‘আমার মন এখন ফুটবলে নেই।’
তিনটি দ্বিতীয় বিভাগের ম্যাচ এবং কোস্তা আদেহে তেরেনিফের একটি নারী দলের ম্যাচ স্থগিত করা হয়। তবে সব প্রতিযোগিতার ম্যাচ স্থগিত করা হয়নি। স্পেনের ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা-বিষয়ক বিচারক এএফইর আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানান। তার যুক্তি ছিল, ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার লা লিগার। কিন্তু স্প্যানিশ ফুটবলের শীর্ষ বিভাগ তাদের সূচি অনুযায়ী ম্যাচ চালিয়ে যায়।
দে মিগেলের স্মরণে বিশেষ জার্সি, ফুল দিয়ে শ্রদ্ধা, ম্যাচের আগে নীরবতা পালন এবং নবম মিনিটে খেলা থামিয়ে সম্মান জানানোর মতো কর্মসূচি নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার জার্সি নম্বরের প্রতি শ্রদ্ধা জানাতেই নবম মিনিটে এই আয়োজন করা হয়। তবে এসব শ্রদ্ধা আয়োজনের মধ্যেও এএফইর মূল দাবির পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
স্প্যানিশ ফুটবল বিশ্লেষক আলবার্ত ওর্তেগা আল জাজিরাকে বলেন, ‘শোকের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সম্মিলিতভাবে করা আবেদন পুরোপুরি মানা হয়নি।’ তার মতে, খেলোয়াড়দের মানসিক সুস্থতার গুরুত্ব নিয়ে কথাবার্তা হলেও বাস্তবে খেলার সূচি পরিবর্তনের ক্ষেত্রে তাদের মতামতের প্রভাব এখনো সীমিত।
তেরেনিফের সমর্থক নেতা দিয়াস মুরোস বলেন, ‘এক মিনিট নীরবতা পালন গুরুত্বপূর্ণ। তবে শোক কাটিয়ে ওঠার জন্য মানুষকে সময় ও সুযোগ দেওয়াটাও জরুরি।’
দে মিগেলের মৃত্যুর পর মাঠে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি সংঘর্ষের সময় জরুরি চিকিৎসা ও হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। সান্তা ক্রুজ দে তেরেনিফের প্রধান কৌঁসুলি হোসে লুইস সানচেজ-হাউরেগি স্পেনের সংবাদ সংস্থা ইএফইকে জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ফৌজদারি মামলা হওয়ার সম্ভাবনা কম। তার ব্যাখ্যায়, খেলার স্বাভাবিক সংঘর্ষে হওয়া আঘাত এবং ইচ্ছাকৃত আক্রমণের মধ্যে আইনি পার্থক্য রয়েছে।
এদিকে আন্দোরার গোলরক্ষক ওওনোর বিষয়ে শাস্তিমূলক সিদ্ধান্ত স্থগিত রেখেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। ইএফইর প্রতিবেদন অনুযায়ী, তার সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফুটবল বিশ্লেষক ওর্তেগার মতে, এমন দুর্ঘটনা ঠেকাতে শুধু ব্যক্তিগত দায়িত্বশীলতার ওপর নির্ভর করলে চলবে না। মাঠের জরুরি চিকিৎসা ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘লিখিত প্রটোকল থাকা কেবল শুরু। যারা এটি বাস্তবায়ন করবেন, তারা নিজেদের দায়িত্ব জানেন কি না এবং সমন্বিতভাবে কাজ করতে পারেন কি না, সেটিই এর কার্যকারিতা প্রমাণ করে।’
এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্বাধীন তদন্ত, নিয়মিত জরুরি পরিস্থিতির মহড়া এবং প্রতিটি স্টেডিয়ামের জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন তিনি।
এই ঘটনা দ্বিতীয় বিভাগের পেশাদার ফুটবলে ঘটলেও নিম্ন বিভাগের ম্যাচগুলোতে চিকিৎসা ও জরুরি সেবার ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। গত বছরের সেপ্টেম্বরে স্পেনের পঞ্চম বিভাগের ম্যাচে গুরুতর আঘাত পেয়ে মারা যান কলিন্দ্রেসের গোলরক্ষক রাউল রামিরেস। ওই মাঠে ডিফিব্রিলেটর থাকলেও চিকিৎসক কিংবা অ্যাম্বুলেন্স ছিল না। এরপর নিম্ন বিভাগে চিকিৎসা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলে এএফই।
সংগঠনটির সভাপতি দাভিদ আগানজো এবার সব জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চিকিৎসক ও অ্যাম্বুলেন্স নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ওর্তেগার মতে, খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে শোক পালনের নির্দিষ্ট নীতিমালাও তৈরি করা প্রয়োজন। ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত, এর মানদণ্ড এবং দলগুলোর অংশগ্রহণের বিষয়গুলো মাঠে নামা খেলোয়াড়দের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা উচিত। পাশাপাশি মানসিক সহায়তা যেন প্রথম সপ্তাহের পরও অব্যাহত থাকে, সেটিও নিশ্চিত করতে হবে।
তেরেনিফের সমর্থক নেতা দিয়াস মুরোসের চাওয়া, স্মরণসভা ও আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও যেন পরিবারটির পাশে থাকে সবাই। তার ভাষায়, ‘শ্রদ্ধা জানানোর আয়োজন শেষ হলে, মানুষের মনোযোগ অন্যদিকে চলে যাবে। কিন্তু পরিবারটি সারাজীবন এই শূন্যতা নিয়েই বাঁচবে। আমি চাই, তখনও তাদের পাশে থাকার ব্যবস্থা অব্যাহত থাকুক।’
স্মরণসভার শেষ মুহূর্তে ক্যাথলিক প্রার্থনাসংগীত ‘আভে মারিয়া’ বাজানো হয়। সবাই দাঁড়িয়ে শেষবারের মতো করতালি দিয়ে বিদায় জানান দে মিগেলকে। স্টেডিয়ামের পর্দায় তখন ভেসে উঠেছিল তেরেনিফের ৯ নম্বর জার্সিধারীর সাদাকালো ছবি। গোল উদযাপনের সেই চিরচেনা মুহূর্তে আটকে থাকা ছবিটির দিকে তাকিয়ে অশ্রু ঝরছিল সতীর্থ ও স্বজনদের চোখে।

