বিশ্রাম ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতেই নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ শেষ করে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আগামীকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম বহরে ১৩ জন ক্রিকেটার ও প্রধান কোচসহ মোট ১৬ সদস্য রওনা হবেন। দুপুর ২টা ২০ মিনিটে তাদের ফ্লাইট। দলের বাকি সদস্যরা যাবেন ১১ নভেম্বর।
সোমবার সিলেটে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। মিরপুরে প্রথম টেস্টে আট উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচ ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে ক্যারিবীয়রা।
সিলেট টেস্ট চলাকালেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দল নিয়েই দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ।
সফরের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছে না দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও স্বীকার করেছেন, প্রস্তুতির সুযোগ প্রায় নেই বললেই চলে।
শান্ত বলেন, 'সত্যি বলতে, দক্ষিণ আফ্রিকার জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নেই। মানসিকভাবে যতটুকু সম্ভব প্রস্তুত হতে হবে। হয়তো এক-দুই দিন অনুশীলনের সুযোগ থাকবে।'
তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করি, ওখানেও আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তারাও ভালো দল। তবে আমাদের যে বোলিং ইউনিট আছে, আমরা যদি সেখানে নিজেদের সেরাটা দিতে পারি, ইনশাআল্লাহ ভালোভাবে সিরিজ শেষ করতে পারব।'
দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজের দল ঘোষণা করা হলেও সীমিত ওভারের দুই সংস্করণের দল এখনো ঘোষণা করেননি নির্বাচকরা।
ঘোষিত ১৬ সদস্যের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন। চার বছর পর টেস্ট দলে ফিরেছেন নাঈম শেখ। দলে ফিরেছেন মুমিনুল হকও।
চোটের কারণে জায়গা হয়নি সাদমান ইসলামের। অন্যদিকে, সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম হাসান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।
টেস্ট সিরিজ শেষে ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ৪ ডিসেম্বর গেবেখার সেন্ট জর্জেস পার্কে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে।
এরপর ১০ ডিসেম্বর কিম্বার্লি ওভালে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ম্যাচ ১২ ডিসেম্বর বেনোনির উইলোমুর পার্কে। ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর।
ঘোষিত টেস্ট দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

