নিত্যপণ্যের বাজারে অনিয়ম, ৪৫ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকার বেশি জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে সারা দেশে ১১৯টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৪৫টি জেলায় অধিদপ্তরের ৬০টি দল একযোগে এ অভিযান পরিচালনা করে। পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অধিদপ্তর জানিয়েছে, ফল, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এ বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং ওজন ও পরিমাপে কারচুপি হচ্ছে কি না, তা যাচাই করা হয়।
পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধে তদারকি করা হয়। গ্যাস সিলিন্ডারের মজুত, নিরাপত্তাবিধি প্রতিপালন এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রির বিষয়টিও পরীক্ষা করেন অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানে ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিক মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।
দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়েও সতর্ক করা হয়।
বাজার তদারকির পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন নিশ্চিত করে কেনাকাটা এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
পণ্য কেনায় কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।
বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।



