…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ফার্মগেটে বাসে আগুন, ঢাবি-জবি ও আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে রাজধানীতে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
ফার্মগেটে বাসে আগুন, ঢাবি-জবি ও আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে রাজধানীতে আতঙ্ক
ছবি: সংগৃহীত

রাজধানীজুড়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তৈরি হয়েছে উদ্বেগ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), সিএমএম আদালত প্রাঙ্গণ এবং পোস্তগোলা ব্রিজে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো একের পর এক ঘটনা ঘটেছে।

এর আগের দিন রোববারও রাজধানীর সিআইডি কার্যালয়, পল্লবী থানা ও মিরপুরসহ বিভিন্ন স্থানে একই ধরনের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার সন্ধ্যায় ফার্মগেট মেট্রো স্টেশনের ঠিক নিচে দাঁড়িয়ে থাকা লাভলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে পুরো বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে এবং ধোঁয়ার কুণ্ডলীতে এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।

বাসের আগুনের ধোঁয়া মেট্রো স্টেশনে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। এতে স্টেশনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাবির টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা হাতেনাতে একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে দেন, যাকে পরে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন জানান, আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

জবির দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় রাখা দুটি বাসের মাঝে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর রেজওয়ান আহমেদ নামে মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে আটক করে জবি শাখা ছাত্রদল।

প্রাথমিক তথ্যানুযায়ী, আটক রেজওয়ান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ জানান, বিষয়টি তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক এবং তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি খালি গ্যাস সিলিন্ডার ও সোফাবাহী ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নেভায়।

এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধারের কথা জানা গেলেও থানার তদন্ত কর্মকর্তা আজগর হোসেন ককটেল নিক্ষেপের ঘটনাটিকে গুজব বলে দাবি করেন।

এর আগে রোববার (৮ নভেম্বর) রাত থেকেই রাজধানীতে ককটেল হামলার এই ধারাবাহিকতা শুরু হয়। ওই দিন রাত পৌনে ৯টার দিকে মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের সামনে চলন্ত একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পল্লবী থানা এলাকা এবং মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনেও পর পর ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে আবিদা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের ফ্ল্যাটের নিটল (২৬) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি
জাতীয়

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি

ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধাম…

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু
জাতীয়

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আগ…