…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকায় একদিনে বাসে আগুন, একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় একদিনে বাসে আগুন, একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্ক
ছবি: সংগৃহীত

সোমবার সারাদিন ও রাতভর রাজধানী ঢাকাসহ গাজীপুর ও মানিকগঞ্জে বাসে আগুন ও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বড় কোনো খবর পাওয়া যায়নি, তবে চানখারপুলে এক পথচারী আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই সময় বাসে চালক, সহকারী বা যাত্রী কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, বাসটিতে কীভাবে আগুন দেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সন্ধ্যার পর মিরপুরেও আরেকটি বাসে আগুন দেওয়া হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত দুটি বাসে আগুন দেওয়া হয়। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এদিকে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল সোয়া ৬টার দিকে বনশ্রীর জি-ব্লকে একটি ককটেল বিস্ফোরিত হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রাবণ সরদার ও রবিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সকাল ৬টার দিকে মহাখালীর আমতলীতে উড়ালসড়কের ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়। বনানী থানার ওসি মো. সালাহউদ্দীন জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক উড়ালসড়ক থেকে ককটেলটি ছুড়ে মারেন। সেটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।

সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. ফয়সাল ও সুকুমার হালদার। তাঁদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেলও পাওয়া গেছে।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাঁরা হলেন জাবির সালেহীন দিপু ও আব্দুল্লাহ আল জোবায়ের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, আটক একজনের ব্যাগে ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। তবে সেগুলোতে মারাত্মক কোনো বিস্ফোরক উপাদান ছিল না।

এ ছাড়া সন্ধ্যায় মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ফটকের পাশে থাকা কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে রোববার রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের সাউথইস্ট ইউনিভার্সিটি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে।

রাতের দ্বিতীয় দফায় সোমবার রাত ১১টা ৪২ মিনিটের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে ছড়িয়ে পড়ে। কাচের টুকরা ও ককটেলের গুঁড়া বিছানায় গিয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা।

বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আকিব জানান, হলটিতে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে। ঘটনার সময় তিনি ১৩৭ নম্বর কক্ষে না থাকায় রক্ষা পান। এ সময় বুয়েট প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এর কিছুক্ষণ পর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চানখারপুলে জনতা ব্যাংকের ঢাকা মেডিকেল শাখার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে এক পথচারী আহত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহমেদ জানান, শহীদুল্লাহ হলের পেছনে চানখারপুল এলাকায় বিস্ফোরণটি ঘটে। পুলিশের গাড়ির সামনেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

এদিকে বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বনানী থানার কর্তব্যরত এক কর্মকর্তা এ তথ্য জানান।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের ১৩ নম্বর এলাকায় বিআরটিএর গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। এরপর রাত ৮টা ৪৫ মিনিটের দিকে টেকনিক্যাল মোড়ে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হননি বলে জানান দারুস সালাম থানার ওসি দুলাল।

এ ছাড়া রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আদাবর থানার বাংলাদেশ ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। অন্যদিকে মধ্যরাতে মুগদা এলাকার ওভারব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও ভাষানটেক থানার ফুল পট্টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোমবার রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি এবং বাসস্ট্যান্ড এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। একই দিন সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

জাতীয় বিভাগের আরও খবর

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

জাতীয়

শ্রমিক অসন্তোষে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সোমবার (৯ নভেম্বর…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…