ঢাবির মুহসীন হলের পেছনে নকল বোমা, গোলাপ ও হুমকি চিঠি উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের পেছনে একটি টিফিন ক্যারিয়ারে বোমাসদৃশ বস্তু, গোলাপ ফুল ও হুমকি সংবলিত চিঠি পাওয়া গেছে। চিঠিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে হলের পেছনের ময়লার স্তূপ থেকে এসব সামগ্রী উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়লার স্তূপে পড়ে থাকা একটি টিফিন ক্যারিয়ারের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি খুলে একটি নকল বোমা, গোলাপ ফুল ও চিরকুট উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, হলের পেছনে ময়লার স্তূপে টিফিন ক্যারিয়ারের মধ্যে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে সেখান থেকে নকল বোমা, গোলাপ ও চিরকুট উদ্ধার করে।
উদ্ধার করা চিরকুটে 'নভেম্বর রেইন' শিরোনামে বিভিন্ন বক্তব্য লেখা রয়েছে। শুরুতে নভেম্বরের শুভেচ্ছা জানিয়ে এতে বলা হয়, ২০২৪ সালের 'মিসক্রিয়েন্ট' এবং মহান মুক্তিযুদ্ধবিরোধীদের বাদে অন্যদের অবস্থান এখন অভিন্ন। দল-মত নির্বিশেষে দেশ রক্ষার লড়াইয়ে সবার প্রত্যাশা একই বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন নষ্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে চিঠিতে লেখা হয়েছে, 'আজকে ফল্স স্যাম্পল দিলাম, সামনের দিন সামনাসামনি কথা হবে।' অর্থাৎ, আজকের ঘটনাকে নমুনা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে সরাসরি মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ ছাড়া চিঠিতে 'অবৈধ সরকারের অবৈধ হুলিয়া পালন করে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। ইটস ইয়োর ইলেভেন্থ আওয়ার!' লেখা রয়েছে। শেষাংশে 'চিঠিটি খুলে যখন পড়ছেন, তখনও আপনার পাশে থেকে সব জানিয়ে দিচ্ছি' উল্লেখ করার পাশাপাশি 'ইটস কামিং হোম' লিখে শোষণের জবাব দেওয়ার কথাও বলা হয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। চিঠিতে নভেম্বরের শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লেখা রয়েছে।
চিঠিতে তথ্যের উৎস এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, তথ্য কীভাবে পাওয়া গেছে, তা গোপনীয়তার স্বার্থে জানানো সম্ভব নয়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরিতে (জিডি) নোট রাখা হবে বলে তিনি জানান।


