স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন তদন্ত নয়, অনড় ক্রিকেট অস্ট্রেলিয়া

২০১৮ সালের বহুল আলোচিত বল টেম্পারিং কাণ্ড নিয়ে নতুন করে তদন্ত করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের সাম্প্রতিক বক্তব্যের পরও আগের তদন্তেই আস্থা রাখতে চাইছে সংস্থাটি।
মঙ্গলবার স্থানীয় রেডিও স্টেশন এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, নতুন করে তদন্ত শুরুর কোনো যৌক্তিক কারণ দেখছেন না তাঁরা।
খাজার সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে দাবি করা হয়েছে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা নিয়ে দলের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছিল। এমনকি বলের গায়ে ঘষা লাগাতে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টিও আলোচনায় আসে। খাজার মতে, বিষয়টি শুধু ব্যাটার, বোলার কিংবা দলের কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পুরো দলই এ বিষয়ে জানত।
তবে খাজার বর্ণনার সঙ্গে দলের অন্য সদস্যদের বক্তব্যের পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন গ্রিনবার্গ। তিনি বলেন, খাজার বইয়ে এমন কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে, যা অন্যদের দেওয়া বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তবে আমরা যে তথ্য পেয়েছি, তার ভিত্তিতে তদন্তের ফলাফল নিয়ে সন্তুষ্ট।
গ্রিনবার্গ আরও যোগ করেন, উসমানের কাছ থেকে পাওয়া তথ্যও আমরা বিবেচনায় নিয়েছি। এ বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তদন্ত নতুন করে শুরু করা কিংবা বিষয়টি আবার পর্যালোচনা করার মতো জোরালো কোনো কারণ আমরা দেখছি না। আমার মনে হয় না, এতে নতুন কিছু অর্জিত হবে।
খাজার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার ওয়ার্নার। সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি খাজার বিবরণকে শতভাগ সঠিক বলে উল্লেখ করেন। একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার আগের তদন্তকে ত্রুটিপূর্ণ ও তাড়াহুড়ো করে করা বলে সমালোচনা করেন।
২০১৮ সালে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা প্রকাশ্যে আসার চার দিনের মধ্যে ওয়ার্নার, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
অন্যদিকে, ওই টেস্টে খেলা অস্ট্রেলিয়ার চার বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন ২০২১ সালে যৌথ বিবৃতিতে বলেছিলেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তাঁদের কোনো ধারণা ছিল না।
এবার কেপটাউন টেস্টের একাদশে থাকা স্টার্কও এ নিয়ে মুখ খুলেছেন। ২০২১ সালে যৌথ বিবৃতিতে দেওয়া কথাই মনে করিয়ে দিলেন তিনি। বোলাররা যে বল টেম্পারিংয়ের বিষয়টি জানতেন না, সেই বক্তব্য থেকে সরে আসেননি তিনি।
স্টার্ক বলেছেন, সত্যি বলতে আমি তেমন মনোযোগ দেইনি। অবশ্যই আট বছর আগের বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। ওই সময়ে এবং তারপর থেকে আমাদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আমি বোলারদের পক্ষে কথা বলব না। কিন্তু আমার অবস্থান থেকে বলছি, আমার মতামত বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সেখান থেকে আমার অবস্থান পাল্টায়নি।
কেপটাউনের আগের টেস্টেও বল বিকৃতি ঘটেছিল বলে যে দাবি খাজা করেছেন, তা নিয়ে স্টার্ক বলেছেন, এই প্রথমবার আমি জানতে পারলাম যে পোর্ট এলিজাবেথে এমন কিছু ঘটেছিল। আমাদের বিবৃতিতে যা বলেছিলাম, মাঠে কী হতে যাচ্ছে, তা সম্পর্কে আমাদের জানা ছিল না। আমি এখানেই শেষ করছি।
এর আগে ২০২১ সালে ব্যানক্রফট দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, বল টেম্পারিংয়ের বিষয়টি তাদের বোলারদের না জানার কোনো কারণ নেই। তারপর কেপটাউনের সেই টেস্টের দলে থাকা চার বোলার যৌথ বিবৃতিতে জানান, বিষয়টি নিয়ে তারা কিছুই জানতেন না।
বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক কামিন্সও সম্প্রতি খাজার আত্মজীবনী নিয়ে কথা বলেছেন। গত মাসে দক্ষিণ আফ্রিকায় তিনি জানান, বইটি নিয়ে খাজার সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে এ নিয়ে নতুন কোনো বিতর্কের আশঙ্কা করছেন না তিনি। কামিন্স বলেন, এ বিষয়ে লাখোবার সব প্রশ্নের উত্তর দিয়েছি। হ্যাঁ, তখনই বিষয়টির নিষ্পত্তি হয়েছিল।
এদিকে আট বছর পর খাজার এসব তথ্য প্রকাশের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন বিশ্লেষক। তাঁদের অভিযোগ, আত্মজীবনী সবর-এর বিক্রি বাড়াতেই বিষয়টি সামনে এনেছেন তিনি। সাবেক কোচ ড্যারেন লেহম্যানও একে বই বিক্রির কৌশল হিসেবে অভিহিত করেছেন। তবে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ নাকচ করেছেন খাজা। তিনি বলেন, আমি খুবই সৌভাগ্যবান। আমার টাকার প্রয়োজন নেই।

