ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণে প্রাইভেটকার চালক গুরুতর আহত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ককটেল বিস্ফোরণে সোহেল নামের এক প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাবির আন্তর্জাতিক বিজনেস বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বেলা ৩টা ১০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের এক্স-রে রুমে সোহেলের সাথে ঢাকা পোস্টের কথা হয়। ঘটনা বর্ণনা করে তিনি বলেন, 'আমি আন্তর্জাতিক বিজনেস বিভাগের ফ্যাকাল্টি নাবিলা ম্যাডামের গাড়ি চালাই। তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসেই স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম। এ সময় হঠাৎ ড্রাইভিং সিটের সামনের গ্লাস লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সাথে সাথে আমি রক্তাক্ত হয়ে পড়ি, যা ভিডিও কলে দেখে আমার স্ত্রী কান্নাকাটি শুরু করে।'
তিনি জানান, শরীরের বিভিন্ন স্থানে ককটেলের স্প্লিন্টার লেগে তিনি রক্তাক্ত হয়েছেন। বুকে চাপ অনুভব করছেন এবং কানেও কম শুনছেন। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।
কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে—তা দেখতে পেয়েছেন কি না জানতে চাইলে সোহেল বলেন, 'আমি স্ত্রীর সাথে কথা বলছিলাম, হঠাৎ উপর থেকে এসে গাড়ির কাচের ওপর বিস্ফোরণটি ঘটে। ফলে কে বা কারা এটি করেছে, তা আমি দেখতে পাইনি।'
সোহেলের বাবার নাম আব্দুল মতিন এবং তাদের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানা এলাকায়। বর্তমানে তিনি ঢাকায় ঢাবির ফ্যাকাল্টি নাবিলা ইসলামের সাথে যমুনা ফিউচার পার্কের সামনের একটি বাসায় বসবাস করেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সোহেলের চাচাতো ভাই কাউসার আহমেদ। তিনি বলেন, 'খবর পেয়ে দ্রুত ঢামেকে এসে দেখি চাচাতো ভাইয়ের পুরো শরীর ককটেলের স্প্লিন্টারে ক্ষতবিক্ষত। তার সাথে তো কারো কোনো শত্রুতা নেই, তাহলে কেন তাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হলো?'
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে দুর্বৃত্তরা একটি গাড়িকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে গাড়িটির চালক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ককটেল বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।


