শ্রীমঙ্গলে জুলাই সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, হাতের অংশ কেটে গেল

জুলাই অভ্যুত্থানের সময় সমন্বয়কের দায়িত্ব পালন করা হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর হাতের একটি অংশ কেটে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম। পথে এক ব্যক্তি তাঁর অটোরিকশার গতিরোধ করেন। ভিডিওতে ওই ব্যক্তির মুখ দেখা যায়নি।
শুরুতে তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করতে শোনা যায়। এরপর হঠাৎ চাপাতি দিয়ে তাঁকে আঘাত করা হয়। এতে তাঁর হাতের একটি অংশ কেটে যায়।
এদিকে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও শেয়ার করে উল্লাস করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া শামীম হোসেন এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘আমাদের ছোট ভাই হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, বাসে আগুনের সন্ত্রাস চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। সরকারের দায়িত্ব দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এ ব্যাপারে সরকার কঠোর হবে, সেই কামনা করছি।
উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের দিনেই শ্রীমঙ্গলে এ হামলার ঘটনা ঘটল।
হামলার পর হাসিব আল ইসলামের শারীরিক অবস্থা এবং হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
ঘটনাটি নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

