আফ্রিকার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মরক্কোর তিন তারকা, নেই সালাহ
আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মরক্কোর তিন খেলোয়াড়—অধিনায়ক আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াস ও ইসমাইল সাইবারি। গত সপ্তাহে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ) ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।
গত বছরের বিজয়ী হাকিমি এবার শিরোপা ধরে রাখার আশায় রয়েছেন; আগামী ২ ডিসেম্বর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
তবে মিশরের তারকা ও সাবেক বিজয়ী মোহাম্মদ সালাহর নাম এই তালিকায় না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
তিন মরক্কান খেলোয়াড় জানুয়ারিতে দলকে বিতর্কিত আফ্রিকা কাপ অব নেশন্স শিরোপা জেতাতে নেতৃত্ব দিয়েছিলেন। ফাইনালে সেনেগাল অতিরিক্ত সময়ে মরক্কোকে ১-০ গোলে হারালেও বিতর্কিত পেনাল্টির প্রতিবাদে সেনেগাল মাঠ ছেড়ে চলে যাওয়ায় শিরোপা পায় মরক্কো।
শিরোপা কেড়ে নেওয়ার বিষয়ে সেনেগালের আপিলের সিদ্ধান্ত নভেম্বরের শেষে জানানো হবে।
এই তিন খেলোয়াড় মরক্কোকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলতেও ভূমিকা রেখেছেন; সাইবারি তিন গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, আর হাকিমি একটি গোল করেছিলেন।
ক্লাব ফুটবলে সাইবারি এ বছর গ্রীষ্মে ৫ কোটি ইউরো (৫ কোটি ৬০ লাখ ডলার) ট্রান্সফার ফিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন, আর দিয়াস রিয়াল মাদ্রিদে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন।
হাকিমি এদিকে প্যারিস সেন্ত-জার্মেইকে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে সাহায্য করেছেন।
২০২৫ সালে তিনি ১৯৯৮ সালের পর প্রথম মরক্কান এবং ১৯৭৩ সালের পর প্রথম ডিফেন্ডার হিসেবে আফ্রিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতেছিলেন; সেবার তিনি সালাহ ও ২০২৩ সালের বিজয়ী নাইজেরিয়ার স্ট্রাইকার ভিক্টর ওসিমহেনকে পেছনে ফেলেছিলেন।
সংক্ষিপ্ত তালিকার অন্য খেলোয়াড়রা হলেন আমাদ দিয়ালো (আইভরি কোস্ট), ইয়োয়ান উইসা (কঙ্গো প্রজাতন্ত্র), আন্তোইন সেমেনিও (ঘানা), ইসমাইলা সার, পাপে গেয়ে ও সাদিও মানে (সেনেগাল) এবং তেবোহো মোকোয়েনা (দক্ষিণ আফ্রিকা)।
সালাহর অনুপস্থিতি নজর কেড়েছে কারণ মিশরের এই ফরোয়ার্ডকে প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা হিসেবে গণ্য করা হয়। সাবেক লিভারপুল তারকা, বর্তমানে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পোরে খেলছেন, ২০১৭ ও ২০১৮ সালে এই পুরস্কার জিতেছিলেন। এর পরের দুটি পুরস্কার জিতেছিলেন মানে।
নারীদের তালিকায় আধিপত্য বিস্তার করেছেন উইমেন্স আফ্রিকা কাপ অব নেশন্সজয়ী ক্যামেরুনের খেলোয়াড়রা—মনিক এনগক, মিকায়েলি বিহিনা ও মারি এনগাহ মাঙ্গা।
কোচ বিভাগে উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছেন মিশরের হোসাম হাসান—যিনি পরে বৈবাহিক কেলেঙ্কারির কারণে জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত হন—এবং কঙ্গো প্রজাতন্ত্রের সেবাস্তিয়াঁ দেসাব্র; দুজনেই নিজ নিজ দলকে বিশ্বকাপের শেষ ষোলোতে তুলে ঐতিহাসিক সাফল্য এনেছিলেন।
মরক্কোর দুই কোচ মোহামেদ ওয়াহবি—যিনি বিশ্বকাপে দলের দায়িত্বে ছিলেন—এবং ওয়ালিদ রেগরাগি—যিনি বাছাইপর্বে কোচ ছিলেন—তাঁরাও মনোনীত হয়েছেন; আর কাবো ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো দ্বীপদেশটিকে প্রথম বিশ্বকাপে তুলে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন।
বর্ষসেরা গোলরক্ষকের ১০ জনের মনোনয়নে রয়েছেন ভনজিনহা, যিনি বিশ্বকাপে নৈপুণ্যে রাতারাতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন।
