বরিশাল বিভাগে এ বছর নিখোঁজ ৯৩ কিশোর-তরুণের হদিস এখনো পায়নি পুলিশ

বরিশাল বিভাগে চলতি বছর নিখোঁজ হওয়া কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের মধ্যে ৯৩ জনের হদিস এখনো পায়নি পুলিশ। যারা উদ্ধার হয়নি, তাদের মধ্যে ৪৪ জনের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে এবং ৪৯ জনের বয়স ১৯ বছরের বেশি।
বরিশাল পুলিশ সূত্রে জানা গেছে, বিভাগের ছয় জেলার থানাগুলোয় ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১ হাজার ৩৬২ জন নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল। পরে সবাইকে উদ্ধার করে সেসব জিডির নিষ্পত্তি করা হয়।
এ বছরের একই সময়ে নিখোঁজের জিডি হয়েছে ১ হাজার ৬৮৯টি। এর মধ্যে উদ্ধার হয়েছে ১ হাজার ৫৯৬ জন। অর্থাৎ ৯৩ জনের সন্ধান এখনো পাওয়া যায়নি। পুলিশের হিসাবে, এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে গত বছরের তুলনায় ৩২৭ জন বেশি নিখোঁজের জিডি হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজদের একটি বড় অংশ প্রেমের টানে ঘর ছেড়েছে। অভাবের তাড়নায় এবং পরিবারের সঙ্গে দ্বন্দ্বের জেরেও কেউ কেউ ঘর ছেড়েছে।
রেঞ্জ পুলিশের দেওয়া তথ্যে বলা হয়েছে, এ বছর প্রথম ছয় মাসে নিখোঁজ মোট ১ হাজার ৬৮৯ জনের মধ্যে ১ হাজার ৭৮ জনের ক্ষেত্রে জিডিতে উল্লেখ করা হয়েছে, প্রেমের সম্পর্কের কারণে তাঁরা ঘর ছেড়েছেন।
উদ্ধার হওয়াদের তথ্যের বরাত দিয়ে পুলিশের দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, একটি অংশ অভাবের তাড়নায় চাকরির সন্ধানে পরিবারকে না জানিয়ে ঘর ছাড়ছে। পরে তাদের ঢাকার তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন বেসরকারি কারখানা থেকে উদ্ধার করা হয়।
এর উদাহরণ হিসেবে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানিয়েছেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে গত ১ অক্টোবর ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর ম্যাচ ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয়। স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার কথা জানিয়ে গত ২৯ সেপ্টেম্বর স্বজনেরা বাকেরগঞ্জ থানায় জিডি করেছিলেন।
একইভাবে গত ১ অক্টোবর গৌরনদী থেকে নিখোঁজ হওয়া কিশোর জয় মণ্ডলকে (১৪) পরে বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় কর্মরত অবস্থায় উদ্ধার করা হয়।
বরিশাল সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, প্রেমঘটিত বিষয়, অভিভাবকের নজরদারির অভাব এবং স্কুল-কলেজে তদারকি না থাকার কারণে এ ধরনের নিখোঁজের প্রবণতা বাড়ছে। তাঁর ভাষায়, ‘এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে পরিবার ও স্কুলে সচেতনতা বাড়ানো দরকার।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. সাদিকুর রহমান বলেন, ‘পরিবারের সচেতনতার অভাবে টিনএজারদের নিখোঁজের সংখ্যা বাড়ছে। একসময় দেখেছি বাবা-চাচাদের মধ্যে সম্পর্ক ছিল। তারা শিশু-কিশোরদের শাসন করতেন। এখন টিনএজাররা মোবাইলে আসক্ত।’ তিনি বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারিবারিক সম্পর্ক বাড়াতে হবে এবং শিক্ষাব্যবস্থায় বিষয়টি তুলে ধরতে হবে।
বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার বলেন, গত বছর নিখোঁজদের সবাই ফিরলেও এ বছর প্রথম ছয় মাসের হিসাবে ৯৩ জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের সন্ধানে পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তারা এখনো কাজ করছেন।
ডিআইজি জুলফিকার আলী হায়দার আরও জানান, টিনএজারদের ঘর ছাড়ার প্রবণতা বৃদ্ধিতে উদ্বেগের কথা জানিয়ে সম্প্রতি সংসদে আলোচনা হয়েছে। নিখোঁজদের মানব পাচার কিংবা অন্য কোনো খারাপ পেশায় জড়ানো হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাঁর মতে, এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম একটি বড় ফ্যাক্টর, আর টিনএজারদের বিপদগামী পথ থেকে ফেরাতে শিক্ষা, সমাজকল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একসঙ্গে কাজ করা উচিত।



