জনস্বাস্থ্য রক্ষায় মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন দিল দুই সংগঠন
রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে একটি ডাস্টবিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির সহায়তায় ডাস্টবিনটি দেওয়া হয়।
আয়োজকদের ভাষ্য, এই উদ্যোগের লক্ষ্য বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সচেতনতা বাড়ানো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা শহরে জনস্বাস্থ্য ও পরিবেশগত সংকটের অন্যতম কারণ হয়ে উঠছে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। বিশেষ করে কাঁচাবাজারগুলোতে যত্রতত্র বর্জ্য ও পচনশীল উচ্ছিষ্ট ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
বক্তারা বলেন, বাজারের উচ্ছিষ্ট ও অন্যান্য বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাজার কমিটি, বিক্রেতা, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, বাজারের পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ছোট ছোট উদ্যোগের ধারাবাহিক বাস্তবায়নের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগর পরিবেশ গড়ে তোলা সম্ভব।
ডাস্টবিন স্থাপনের পাশাপাশি বাজারটিতে একটি নো-স্মোকিং সাইনও প্রদান করা হয়।
বক্তারা বলেন, শুধু একটি ডাস্টবিনের মাধ্যমে বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। তাঁদের মূল উদ্দেশ্য হলো ছোট উদ্যোগের মাধ্যমেও বাজারের পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব—এ বিষয়ে সচেতনতা বাড়ানো। বাজার কমিটি ও বিক্রেতারা সম্মিলিতভাবে উদ্যোগী হলে ভবিষ্যতে আরও ডাস্টবিন স্থাপনসহ বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে তাঁরা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির ম্যানেজার মো. মাসুম রানা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া ও কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার প্রমুখ।

