…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

টিকার যোগ্য শিশুর সঠিক হিসাব ছাড়াই চলছে হামের টিকাদান, কাগজে কভারেজ ১২০ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে তিন দফায় ২ কোটি ১৭ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। সরকার বলছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু এরপরও হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না।

বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচির সাফল্য মূল্যায়নে শুধু কত শিশুকে টিকা দেওয়া হলো, তা জানলেই হয় না। মোট কত শিশু টিকার আওতায় আসার যোগ্য, সেই সংখ্যাটাও নির্ভুলভাবে জানা জরুরি। লক্ষ্যমাত্রা কম ধরা হলে কাগজে-কলমে টিকাদানের হার ১০০ শতাংশের বেশি দেখালেও প্রকৃতপক্ষে অনেক শিশু টিকার বাইরে থেকে যেতে পারে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড কমিউনিটি পেডিয়াট্রিকস বিভাগের অধ্যাপক ডা. আতিকুল ইসলাম বলেছেন, হামের টিকাদানের হার এখনো ৯৫ শতাংশে পৌঁছায়নি। অথচ সংক্রমণ নিয়ন্ত্রণে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকা দিতে হবে। এতে হার্ড ইমিউনিটি বা গোষ্ঠীগত রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়, যা টিকা না পাওয়া শিশুদেরও সংক্রমণ থেকে অনেকটা সুরক্ষা দেয়। তাঁর ভাষ্য অনুযায়ী, বিভিন্ন এলাকায় টিকা না পাওয়া শিশুদের পকেট বা গুচ্ছ থাকায় সংক্রমণ ছড়াচ্ছে।

অন্যদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ বৃহস্পতিবার বলেছেন, ধারাবাহিকভাবে টিকা দেওয়া হচ্ছে এবং হার্ড ইমিউনিটি বা শক্তিশালী রোগ প্রতিরোধবলয় তৈরির কাছাকাছি পৌঁছানো গেছে। তাঁর দাবি, হাম প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া নিশ্চিত করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত আট মাসে হামের উপসর্গ নিয়ে ও হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের এবং হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৮৮০ জনের। তাঁদের মধ্যে ২ লাখ ১৮ হাজার জন হাসপাতালে ভর্তি হয় এবং ২ লাখ ৯ হাজারের বেশি ছাড়পত্র পেয়েছে।

চলতি বছরের মার্চ থেকে হামের প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করে। আট মাস পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আসার লক্ষণ দেখা যাচ্ছে না। ৫ এপ্রিল শুরু হওয়া হাম-রুবেলা টিকার জাতীয় ক্যাম্পেইন শেষ হয় ২০ মে। এরপর নিয়মিত টিকাদানের পাশাপাশি ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদেরও টিকা দেওয়া অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ; কিন্তু হাম নিয়ন্ত্রণে আসেনি।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ১০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত প্রথম পর্যায়ের হাম-রুবেলা ক্যাম্পেইনে ১ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ১২২ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এই পর্যায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশু। ফলে প্রথম পর্যায়েই টিকাদানের হার দাঁড়ায় ১০২ দশমিক ২ শতাংশ।

এরপর ২১ মে থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও ১৪ লাখ ১৭ হাজার ৭২৭ শিশুকে টিকা দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলা ইনটেনসিফায়েড ক্যাম্পেইনে টিকা পেয়েছে আরও ১৯ লাখ ১১ হাজার ৫১৮ শিশু। সব মিলিয়ে টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৩৬৭ শিশু এবং কর্মসূচি শুরুর পর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট কভারেজ দাঁড়িয়েছে ১২০ দশমিক ৯ শতাংশ।

তবে তুলনামূলক আরেকটি হিসাব লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছে। গত ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ কোটি ৩৫ লাখ। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ছিল ২৮ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৬ লাখ। এই হিসাব অনুযায়ী, হাম-রুবেলা ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রার চেয়ে ভিটামিন এ ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা ৫৫ লাখ বেশি।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সাময়িকী ‘ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস’-এ প্রকাশিত একটি পর্যালোচনাধর্মী প্রবন্ধেও বাংলাদেশের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণের পদ্ধতি নিয়ে উদ্বেগের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, টিকাদানের হার ১০০ শতাংশের বেশি দেখালেও জনসংখ্যার একটি অংশের মধ্যে টিকার ঘাটতি আড়ালে থেকে যেতে পারে। একই সঙ্গে টিকা দেওয়ার তথ্য অতিরিক্ত দেখানোর সম্ভাবনার কথাও সেখানে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক বলেছেন, হামের সংক্রমণক্ষমতা অনেক বেশি এবং এর বিস্তার ঠেকাতে ব্যাপক টিকাদানের বিকল্প নেই। অন্য কিছু সংক্রামক রোগে জনগোষ্ঠীর বড় অংশকে টিকা দেওয়া হলে বাকিরাও পরোক্ষ সুরক্ষা পেতে পারে, কিন্তু হামের ক্ষেত্রে এমন গোষ্ঠীগত সুরক্ষা তৈরি করা কঠিন। তাই অন্তত ৯৫ শতাংশ বা তার বেশি শিশুকে টিকার আওতায় আনতে হবে।

জনস্বাস্থ্যবিদদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটায় অনেক শিশু নির্ধারিত সময়ে টিকা পায়নি। সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ ক্যাম্পেইনের পাশাপাশি নিয়মিত টিকাদান জোরদার করা এবং বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনা জরুরি।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১০ জন, চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯২, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে—চট্টগ্রামে তিনজন এবং ঢাকা ও সিলেটে একজন করে চিকিৎসাধীন ছিলেন; তবে এ দিন নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন
স্বাস্থ্য

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্…

স্বাস্থ্য

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ, চিকিৎসাধীন পল্লিচিকিৎসক কিরণ মিয়ার মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্…