ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ১৫৪ জন, মেঝেতে চলছে চিকিৎসা
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা আছে ৪৫টি, কিন্তু সেখানে ভর্তি আছে ১৫৪ শিশু। নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা তিন গুণেরও বেশি হওয়ায় শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা নিতে হচ্ছে, কোথাও একই শয্যায় একাধিক শিশুকে রাখার অভিযোগও রয়েছে।
অসুস্থ সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের ওয়ার্ডে অপেক্ষা করছেন অভিভাবকেরা। কারও শিশুর জ্বর, কারও ঠান্ডা-কাশি, আবার কারও শ্বাসকষ্ট। হাসপাতাল ঘুরে দেখা যায়, ওয়ার্ডে শয্যার সংকট থাকায় কয়েকজন শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর চাপ বেশি থাকায় শিশুদের পাশাপাশি তাদের স্বজনদের চলাচল ও অবস্থানেও সমস্যা হচ্ছে।
সন্তানকে নিয়ে হাসপাতালে আসা নাজমুল বলেন, সন্তানকে নিয়ে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন, কিন্তু ওয়ার্ডে এত রোগী যে ঠিকমতো শয্যা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অনেক কষ্ট করে থাকতে হচ্ছে। শিশু অসুস্থ, তার ওপর এভাবে হাসপাতালে থাকতে হচ্ছে—এটা খুবই কষ্টের।
অভিভাবকদের আরেকটি অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এলেও অনেক ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে নিম্ন আয়ের পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে, অনেক পরিবারকে ধারদেনা পর্যন্ত করতে হচ্ছে। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও উপকরণ পাওয়া গেলে তাদের জন্য চিকিৎসা নেওয়া সহজ হতো বলে তারা জানান।
শিশু ওয়ার্ডের পরিবেশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন অভিভাবকেরা। লাকি আক্তার নামের এক নারী বলেন, ওয়ার্ড ও আশপাশের পরিবেশ আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। একই জায়গায় অনেক শিশু থাকায় সংক্রমণের ঝুঁকি নিয়েও তারা উদ্বিগ্ন। চিকিৎসকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে সেই উদ্বেগ আরও বাড়ে বলে তিনি জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো রোগের প্রকোপ বাড়ছে। পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত শিশুও হাসপাতালে আসছে। আবহাওয়ার তাপমাত্রার ওঠানামার কারণে শিশুরা তুলনামূলক বেশি অসুস্থ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হায়দার শাহীন বলেন, ঋতু পরিবর্তনের সময় শিশুদের জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগ বাড়ে। তাপমাত্রার পরিবর্তনের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এ সময়ে অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি যত্নশীল হতে হবে। শিশুর পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ পানি ও পুষ্টিকর খাবার দিতে হবে। জ্বর, শ্বাসকষ্ট কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে তিনি জানান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ঋতু পরিবর্তনের কারণে শিশু রোগীর চাপ বেড়েছে। সীমিত শয্যা ও জনবল দিয়ে অতিরিক্ত রোগীর চিকিৎসাসেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। চিকিৎসক ও নার্সের সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি জানান।

