…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সুনামগঞ্জের তাহিরপুরে ১৮ মাসে শেষ হওয়ার কথা থাকলেও ছয় বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণ, ছয় মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ ১৮ মাসে শেষ হওয়ার কথা থাকলেও ছয় বছর পেরিয়ে এখনো শেষ হয়নি। শুরু থেকেই নানা জটিলতায় পিছিয়েছে কাজের অগ্রগতি। দীর্ঘদিন ধীরগতিতে চলার পর গত ছয় মাস ধরে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে মসজিদটি চালুর অপেক্ষায় থাকা স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

জানা যায়, তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে ২০১৯ সালের ৩ এপ্রিল থেকে ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার শর্তে এই মসজিদের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্স। প্রকল্পের ব্যয় ধরা হয় ১১ কোটি ৭৯ লাখ টাকা। তবে জায়গা নির্ধারণ, পুরোনো মসজিদ ভাঙা, পুকুর ভরাট, করোনা মহামারি, বন্যা ও অর্থায়নসংক্রান্ত নানা জটিলতায় নির্ধারিত সময়ে নির্মাণকাজ শুরু করা যায়নি। পরে ২০২০ সালে নির্মাণকাজ শুরু হলেও ছয় বছর পেরিয়ে এখনো প্রকল্পটি শেষ হয়নি।

সুনামগঞ্জ জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ১২টি উপজেলায় ১২টি এবং জেলা সদরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এসব মসজিদ নির্মাণে মোট ব্যয় ধরা হয় প্রায় ১৮৫ কোটি টাকা। এর মধ্যে তাহিরপুরের মসজিদটির নির্মাণকাজই দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, মডেল মসজিদগুলোতে ইসলামিক প্রশিক্ষণ ও অটিজম সেন্টার, নারী ও পুরুষের জন্য পৃথক নামাজের স্থান, সম্মেলনকক্ষ, অতিথিকক্ষ এবং ফুলের বাগানসহ বিভিন্ন আধুনিক সুবিধা থাকার কথা।

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন মসজিদটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ। নির্মাণসামগ্রী পড়ে থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো লোকজন সেখানে নেই। একজন স্থানীয় বৃদ্ধকে নির্মাণসামগ্রী দেখাশোনা করতে দেখা যায়। অন্যদিকে, গত ছয় বছর ধরে টিনশেডের একটি অস্থায়ী ভবনে নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা। কবে আবার নির্মাণকাজ শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কেউ তথ্য দিতে পারেননি।

স্থানীয় মুসল্লি হারুন রশিদ বলেন, এই মসজিদের কাজে শুরু থেকেই সমস্যা। সময়মতো কাজ শেষ না করার প্রতিবাদে গত বছর তাঁরা মানববন্ধনও করেছেন। এরপর কিছুদিন কাজ চললেও এখন আবার প্রায় ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ। তিনি বলেন, ‘আমরা চাই, দ্রুত জটিলতা নিরসন করে নির্মাণকাজ শেষ করা হোক। আমাদের নামাজের সুন্দর ব্যবস্থা করা হোক।’

আরেক মুসল্লি ইমরান হোসেন বলেন, সরকার এত টাকা বরাদ্দ দিয়েছে, অথচ মসজিদটি এখনো চালু করা যাচ্ছে না। সংশ্লিষ্ট অধিদপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এত দিনেও কাজ শেষ হয়নি বলে তাঁরা মনে করেন। তাঁদের দাবি, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে মসজিদটি চালু করুক।

স্থানীয় যুবক তানিম আহমদ লিংকন বলেন, বিভিন্ন উপজেলায় মডেল মসজিদের নির্মাণকাজ শেষ হয়েছে এবং সেখানে কার্যক্রমও শুরু হয়েছে। অথচ তাঁদের উপজেলার মসজিদটির কাজ কবে শেষ হবে, তা কেউ বলতে পারছে না। তিনি বলেন, ভালো কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত নির্মাণকাজ শেষ করে মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করা হোক।

এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে তাহিরপুর উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। দ্রুত নতুন ঠিকাদারের মাধ্যমে আবার নির্মাণকাজ শুরু হবে বলে তিনি জানান।

সুনামগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তাহিরপুর উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মামলা চলছে। মামলায় গণপূর্ত অধিদপ্তর জয়ী হলে পুনরায় দরপত্র আহ্বান করে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে। এরপর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, তিনি এই উপজেলায় নতুন যোগদান করেছেন। তাঁর বাসভবনের সামনেই মসজিদটির নির্মাণকাজ চলছে। কাজ বন্ধ দেখে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সুনামগঞ্জ সীমান্তে ভারত থেকে প্রবেশের সময় মানব পাচারকারীসহ ৭ জন আটক

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি নাগরিক। বাকি একজন মানব পাচারকার…

সুনামগঞ্জের মধ্যনগর থেকে নেত্রকোনার কলমাকান্দা পর্যন্ত সারা বছর চলার পাকা সড়কের দাবিতে মানববন্ধন
সিলেট বিভাগ

সুনামগঞ্জের মধ্যনগর থেকে নেত্রকোনার কলমাকান্দা পর্যন্ত সারা বছর চলার পাকা সড়কের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মধ্যে সারা বছর চলাচল উপযোগী পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেল…

সিলেটের রাতারগুলে রিসোর্টে সাবেক এমপি রনজিত সরকারের সভা ঘিরে মামলা, ১৪ জন গ্রেপ্তার
সিলেট বিভাগ

সিলেটের রাতারগুলে রিসোর্টে সাবেক এমপি রনজিত সরকারের সভা ঘিরে মামলা, ১৪ জন গ্রেপ্তার

সিলেটের রাতারগুলে অবস্থিত সোহেল স্কয়ার ইকো রিসোর্টে একটি সভা আয়োজনকে কেন্দ্র করে করা মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…

সুনামগঞ্জে প্রণোদনা ছাড়াই সবজি চাষ, দরপতনে দুশ্চিন্তায় বিশ্বম্ভরপুরের চাষিরা
সিলেট বিভাগ

সুনামগঞ্জে প্রণোদনা ছাড়াই সবজি চাষ, দরপতনে দুশ্চিন্তায় বিশ্বম্ভরপুরের চাষিরা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ছেংবিল গ্রামে এবার সবজির আবাদ ভালো হলেও চাষিরা দুশ্চিন্তায় আছেন। তাঁরা বলছেন, সবজি চাষে এ বছর কোন…