হাম ও ডেঙ্গু একসঙ্গে আক্রমণ করছে শিশুদের, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু

দেশে এ বছরের শুরুতে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা যায়। কিছুদিনের মধ্যে রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুমৃত্যুর সংখ্যাও বাড়তে থাকে। গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে।
আশঙ্কার বিষয় হলো, এবার শিশুরা হাম ও ডেঙ্গুতে একই সঙ্গে আক্রান্ত হচ্ছে, ফলে তাদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যাচ্ছে। হামের সঙ্গে ডেঙ্গু আক্রমণ করায় মস্তিষ্কে প্রদাহ, তীব্র শ্বাসকষ্ট ও মারাত্মক নিউমোনিয়ার মতো প্রাণঘাতী জটিলতা দ্রুত দেখা দিচ্ছে।
সম্প্রতি চট্টগ্রামে এক মা-বাবা মাত্র দুই দিনের ব্যবধানে তাঁদের দুই শিশুসন্তানকে হারিয়েছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেক আগে থেকে হামের টিকাদান কর্মসূচি বিস্তৃত করার কথা বলছিলেন। হাম সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য একটি রোগ; তাই দেশের প্রতিটি কোণে, বিশেষ করে দুর্গম ও প্রান্তিক এলাকায় টিকা দেওয়া নিশ্চিত করা জরুরি। গত কয়েক মাসে হামের বিস্তার প্রমাণ করে, নিয়মিত টিকাদান কার্যক্রমে বড় ধরনের ফাঁক থেকে গেছে।
ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগকে শুধু মৌসুমের সময় সক্রিয় থাকলেই হবে না, সারা বছর তা চালাতে হবে। এ ক্ষেত্রেও মারাত্মক ঘাটতি রয়েছে। সাধারণ মানুষের সম্পৃক্ততা ও জনসচেতনতা নিশ্চিত না করা গেলে ডেঙ্গুর প্রকোপ কমানো অসম্ভব বলেও মত এসেছে।
সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী শিশু মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়েছেন। তবে তিনি স্বাস্থ্য বিভাগের কোনো অবহেলার দায় স্বীকার করেননি; বিভাগের ব্যর্থতা কোথায় ও কীভাবে ছিল বা এখনো আছে, তা তিনি স্পষ্ট করেননি।
শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করে এত বড় জনস্বাস্থ্য সংকট মোকাবিলা করা সম্ভব নয়। বিদ্যমান স্বাস্থ্যসেবা ব্যবস্থার পুনর্গঠন ছাড়া এ ধরনের জটিল পরিস্থিতি মোকাবিলা করা যাবে না—শিশুদের বাঁচাতে জরুরি রাষ্ট্রীয় উদ্যোগের বিকল্প নেই বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


