…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বিশ্ব নিউমোনিয়া দিবস: প্রতিরোধযোগ্য রোগে বছরে মৃত্যু ২৫ লাখ

নিজস্ব প্রতিবেদক

নিউমোনিয়া একটি ভয়ানক জীবনঘাতী রোগ। বিশ্বে এই রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ মৃত্যুবরণ করে। সদ্যোজাত শিশু থেকে শুরু করে শতবর্ষী মানুষ — সবাই নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে।

২০২৩ সালে পৃথিবীতে ২৫ লাখ মানুষ নিউমোনিয়ায় মারা যায়। নিউমোনিয়ার কারণে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় সাত লাখ এবং সত্তরোর্ধ্ব ১১ লাখের মতো মানুষ মৃত্যুবরণ করে থাকে।

সব বয়সী মানুষের নিউমোনিয়া হলেও শিশু এবং বয়স্করা বেশি সংখ্যায় আক্রান্ত ও মৃত্যুর শিকার হয়। তবে নিউমোনিয়াজনিত অধিকাংশ মৃত্যুই প্রতিরোধযোগ্য।

একটা সময় নিউমোনিয়ায় মৃত্যুর ঝুঁকি অনেক বেশি ছিল। কিন্তু অ্যান্টিবায়োটিক, বিশেষ করে ভালো মানের অ্যান্টিবায়োটিকের আবিষ্কার ও সঠিক পদ্ধতিতে ব্যবহারের কারণে এখন নিউমোনিয়াজনিত মৃত্যুর ঝুঁকি অনেক পরিমাণে কমানো সম্ভব হয়েছে।

১২ নভেম্বর হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। বাংলাদেশে এ বছরও দিবসটি পালন করা হয়। ২০২৬ সালের বিশ্ব নিউমোনিয়া দিবসের প্রতিপাদ্য হলো ‘A New Era of Pneumonia Control’, অর্থাৎ ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। প্রতিপাদ্যে বার্তা দেওয়া হয়েছে — নিউমোনিয়া এখন আর অপ্রতিরোধ্য রোগ নয়।

জীবনহানি থামাতে দিবসটি উপলক্ষে তিনটি আহ্বান জানানো হয়েছে। প্রথমত, নিউমোনিয়া প্রতিরোধকে অগ্রাধিকার দেওয়া — এজন্য উন্নততর টিকা, সুষম পুষ্টিকর খাবার ও দূষণমুক্ত বাতাসে বিনিয়োগ বাড়ানো। দ্বিতীয়ত, নিউমোনিয়ার লক্ষণ দেখা যাওয়া মাত্র দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা শুরু করা। তৃতীয়ত, নিউমোনিয়া চিকিৎসায় চিকিৎসা-বৈষম্য কমিয়ে আনা — যেসব দুর্গম অঞ্চলে টিকা, চিকিৎসা, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং দরকারি তথ্য সঠিক সময়ে পৌঁছানোর সুযোগ খুব কম, সেসব এলাকায় বিকল্প পথ তৈরি করা এবং দ্রুত জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজটি অগ্রাধিকারের ভিত্তিতে করা।

ফুসফুসের সংক্রমণজনিত কারণে নিউমোনিয়া রোগ হয়। এ রোগে রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, কাশি হয়, জ্বর আসে, বুকে ব্যথা হয়, শারীরিক দুর্বলতা দেখা দেয়। ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাসের যেকোনো একটির সংক্রমণে এই রোগটি হয়।

সব বয়সের মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে, তবে বয়সভেদে ঝুঁকি কমবেশি হয়। ছোট শিশু এবং বয়স্ক মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এ ছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা অপুষ্টিতে ভুগছে, যারা ধূমপান করে, যারা ফুসফুসের অসুখে আক্রান্ত, যাদের হৃদরোগ বা ডায়াবেটিস আছে, যাদের ঘরে বা বাইরে দূষিত বাতাস বা ধোঁয়াযুক্ত বাতাসে বেশি সময় থাকতে হয় — তাদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

সাধারণত জ্বর ও কাশি দিয়ে অধিকাংশ নিউমোনিয়া শুরু হয়। পরে কাশি অনেক বেড়ে যায়। কাশি দিলে বুকে ব্যথা করা, কাঁপুনি দিয়ে জ্বর, শ্বাসের কষ্ট ও দ্রুত শ্বাস নেওয়া, গভীর শ্বাস নিলে বুকে ব্যথা করা, ক্লান্তি, দুর্বলতা, ক্ষুধামন্দা, শিশুদের ক্ষেত্রে শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতর দিকে ঢুকে যাওয়া, খেতে না চাওয়া, ঝিমিয়ে পড়া — এগুলো নিউমোনিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ।

নিউমোনিয়া প্রতিরোধে টিকা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। বর্তমানে টিকার পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। নিউমোকক্কাল, হিব, হাম, হুপিং কাশি এবং ফ্লুর টিকা নিউমোনিয়ার ঝুঁকি অনেক কমিয়ে আনে।

প্রতিরোধের অন্য উপায়গুলোর মধ্যে রয়েছে পুষ্টি — শিশুদের ক্ষেত্রে জন্মের পর প্রথম ছয় মাস কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো, এরপর বয়স অনুযায়ী সুষম খাবার খাওয়ানো। পরিষ্কার বাতাসও জরুরি — ঘরের ভেতরে ধোঁয়া কমানো, ধূমপান এড়ানো এবং বায়ুদূষণ কমাতে সচেতন থাকা। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা — হাত ধোয়া, কাশি বা হাঁচির সময় মুখ ঢেকে রাখা এবং অসুস্থ ব্যক্তির কাছ থেকে কিছুটা দূরত্ব রাখা।

বর্তমানে নিউমোনিয়ার চিকিৎসা অনেক উন্নত হয়েছে। ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণজনিত নিউমোনিয়ার চিকিৎসার জন্য অনেক ভালো ও উন্নতমানের অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ চলে এসেছে। এ ছাড়া রোগ নির্ণয়ের উন্নত ও মানসম্পন্ন পরীক্ষা পদ্ধতি এখন বাংলাদেশে সহজলভ্য।

তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, নিউমোনিয়ার চিকিৎসা নিজে নিজে, ওষুধের বিক্রেতাদের সঙ্গে পরামর্শ করে, এআই বা গুগলের পরামর্শ অনুযায়ী করা যাবে না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন
স্বাস্থ্য

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্…

স্বাস্থ্য

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ, চিকিৎসাধীন পল্লিচিকিৎসক কিরণ মিয়ার মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্…