…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বাংলাদেশে নিউমোনিয়ায় প্রতিদিন গড়ে ৭৩ শিশুর মৃত্যু, বছরে ২৬ হাজার ৭৬৬

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। দেশে প্রতিদিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গড়ে ৭৩ শিশুর মৃত্যু হয়। সে হিসাবে বছরে মারা যায় ২৬ হাজার ৭৬৬ শিশু।

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘এ নিউ এরা অব নিউমোনিয়া কন্ট্রোল’, যার বাংলা অর্থ ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন যুগ’।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ ও মৃত্যুর হার বেড়েছে। বিশেষ করে হামে আক্রান্ত শিশুদের অনেকের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়।

অপুষ্টি, বায়ুদূষণ ও কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। শিশুকে প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ালে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৩ শতাংশ কমে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে নিউমোনিয়ার চিকিৎসা নিয়েছে ৭৯ হাজার ৮৮৪ শিশু। ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ২ হাজার ২৯৮ শিশু।

এ সময়ে নিউমোনিয়ার সঙ্গে অন্যান্য জটিলতায় মৃত্যু হয়েছে ৯১ শিশুর। এর মধ্যে শুধু নভেম্বরের প্রথম ১০ দিনেই মারা গেছে ২৫ শিশু।

এর আগে ২০২৫ সালে হাসপাতালটির বহির্বিভাগে নিউমোনিয়ার চিকিৎসা নিয়েছিল ৭৭ হাজার ৮৬ শিশু এবং ভর্তি হয়েছিল ২ হাজার ৬৩১ শিশু। ২০২৪ সালে বহির্বিভাগে চিকিৎসা নেয় ৭৩ হাজার ৫১২ শিশু এবং ভর্তি হয় ৪ হাজার ২৬০ শিশু।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান বলেন, নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকসহ বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। কাশি, সর্দি, শ্বাসকষ্ট, বুকের নিচের অংশ ওঠানামা করা এবং বুকের ভেতর ঘড়ঘড় শব্দ হওয়া এর উল্লেখযোগ্য লক্ষণ।

ডা. কামরুজ্জামান জানান, শিশুর শ্বাস-প্রশ্বাস বেড়ে গেলে, খেতে না পারলে, খাওয়ার পর বমি করলে, জ্বরের সঙ্গে খিঁচুনি হলে কিংবা শিশু নেতিয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে হবে।

শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরী বলেন, সরকার নিউমোকক্কাসের টিকা দেওয়ায় নিউমোনিয়া কিছুটা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। তবে এ বছর হামের কারণে নিউমোনিয়ার প্রকোপ ও মৃত্যু বেড়েছে। ঋতু পরিবর্তনের সময় এ রোগের প্রকোপ বাড়ে, বিশেষ করে শীতকালে ভাইরাসজনিত নিউমোনিয়া বেশি দেখা যায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন
স্বাস্থ্য

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্…

স্বাস্থ্য

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ, চিকিৎসাধীন পল্লিচিকিৎসক কিরণ মিয়ার মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্…