ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযানে দালালচক্রের ৭ জন আটক, পাঁচজনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের সাত সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার ১২ নভেম্বর সকালে হাসপাতালের ভেতর থেকে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্যরা। সেই অভিযানেই দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে শিপন মিয়াকে দুই হাজার টাকা ও নার্গিস আক্তারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।
কমান্ডার মো. নূরনবী আরও জানান, এসব দালালকে যারা লালন করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

