…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে অষ্টম বাংলাদেশ, জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউটসহ আট দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে অষ্টম বাংলাদেশ, জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউটসহ আট দফা দাবি
ছবি: সংগৃহীত

ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। এ হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।

আইডিএফের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেরিতে রোগ শনাক্ত হওয়া, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রতিরোধযোগ্য জটিলতা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম শনাক্তকরণ, উপজেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা এবং গর্ভকালীন ডায়াবেটিসের সার্বজনীন স্ক্রিনিংসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি ও সুপারিশ তুলে ধরেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের বয়স-সমন্বিত হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। ডায়াবেটিসে আক্রান্তদের ৬১ দশমিক ৫ শতাংশই জানতেন না যে তাঁরা এ রোগে আক্রান্ত। অন্যদিকে, বিডিএইচএস ২০২২-এর তথ্য অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী নারীদের মধ্যে ডায়াবেটিসের হার ১৭ শতাংশ এবং পুরুষদের মধ্যে ১৫ শতাংশ।

বক্তারা বলেন, ডায়াবেটিস মোকাবিলায় শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না। ঝুঁকিতে থাকা মানুষকে আগেই চিহ্নিত করা, দ্রুত পরীক্ষা এবং জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।

তিনি বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাঁদেরও আগেভাগে পরীক্ষা করতে হবে। রোগ শনাক্ত হওয়ার পরপরই চোখ, কিডনি, পায়ের স্নায়ু ও রক্তসঞ্চালন এবং হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন করা প্রয়োজন।

ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ে ডায়াবেটিসের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের প্রশিক্ষণ বাড়াতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসকদের জন্য সনদযুক্ত প্রশিক্ষণ, অনলাইন মেন্টরিং এবং সহজবোধ্য জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন করা প্রয়োজন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি নির্বাচিত ডা. শাহজাদা সেলিম বলেন, ডায়াবেটিস প্রতিরোধে শৈশব থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। স্কুলের ক্যান্টিনে মিষ্টি পানীয় ও অস্বাস্থ্যকর প্যাকেটজাত খাবার সীমিত করা, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কার্যক্রমে যুক্ত করা এবং পরিবারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি তুলে ধরে গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, গর্ভকালীন ডায়াবেটিসের কারণে বড় আকারের শিশু জন্ম, প্রি-এক্ল্যাম্পসিয়া, সিজারিয়ান প্রসব এবং নবজাতকের রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। এ ছাড়া গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত মায়ের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় ৯ থেকে ১০ গুণ বেড়ে যায়। প্রসবের চার থেকে ১২ সপ্তাহের মধ্যে মায়ের পুনরায় ডায়াবেটিস পরীক্ষা এবং পরবর্তী সময়ে নিয়মিত ফলোআপ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মির্জা শরিফুজ্জামান বলেন, দেশে শুধু ডায়াবেটিস নয়, থাইরয়েড, স্থূলতা, অস্টিওপোরোসিস, ভিটামিন-ডি ঘাটতি, পিসিওএস, বন্ধ্যাত্ব এবং পিটুইটারি ও অ্যাড্রেনাল গ্রন্থির রোগের বোঝাও বাড়ছে। এসব রোগের সমন্বিত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি এবং দেশীয় গবেষণার জন্য জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা জরুরি। তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠানে এন্ডোক্রাইনোলজিস্ট, শিশু এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়েটিশিয়ান, চক্ষু, কিডনি, হৃদরোগ, প্রসূতি এবং ফুট-কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব; পাশাপাশি উচ্চতর প্রশিক্ষণ, ফেলোশিপ, জাতীয় রোগী রেজিস্ট্রি এবং দেশীয় গবেষণার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. আফসার আহমেদ বলেন, নিয়মিত ওষুধ সেবনের পরও অনেক রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসার পেছনে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যব্যবস্থা — তিন পর্যায়েই ঘাটতি রয়েছে। অনেক রোগী লক্ষণ না থাকলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন বা অনিয়মিতভাবে ওষুধ সেবন করেন। খাদ্যাভ্যাসে অসচেতনতা, শারীরিক পরিশ্রমের অভাব, ওজন বৃদ্ধি, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা না করা এবং ইনসুলিন নিয়ে ভয়ের কারণেও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে। অন্যদিকে, রোগীর এইচবিএ১সি কাঙ্ক্ষিত মাত্রায় না থাকলেও অনেক সময় চিকিৎসকেরা ওষুধের মাত্রা বাড়াতে বা ইনসুলিন শুরু করতে দেরি করেন। তিনি আরও বলেন, চিকিৎসার ব্যয় রোগীকে নিজে বহন করতে হওয়া, এইচবিএ১সি পরীক্ষা, ইনসুলিন ও গ্লুকোজ মাপার স্ট্রিপের অপ্রতুলতা এবং ধারাবাহিক ফলোআপের অভাব পরিস্থিতিকে আরও জটিল করছে।

সংবাদ সম্মেলনে আট দফা দাবির মধ্যে রয়েছে — জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী পাঁচ থেকে ১০ বছরের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা; ৩৫ বছর বা তার বেশি বয়সীদের ডায়াবেটিস পরীক্ষা নিশ্চিত করা এবং বিএমআই ২৩ বা তার বেশি কিংবা অন্য ঝুঁকি থাকা ব্যক্তিদের আগেভাগে পরীক্ষার আওতায় আনা; উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ, গ্লুকোমিটার, এইচবিএ১সি পরীক্ষা এবং জটিলতা শনাক্তের ব্যবস্থা; সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং প্রসব-পরবর্তী ফলোআপ; প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়স-উপযোগী স্বাস্থ্যশিক্ষা, স্কুল ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার এবং অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর খাদ্যনীতি; সরকারি পর্যায়ে এন্ডোক্রাইনোলজিস্টের পদ সৃষ্টি, প্রশিক্ষণ ও আসন বৃদ্ধি এবং জেলা পর্যায়ে মেন্টরিং; জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি, বহুকেন্দ্রিক গবেষণা এবং গুণগত সূচকভিত্তিক জবাবদিহি; এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কমাতে রোগী সচেতনতা, লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও টিমভিত্তিক ফলোআপ।

বক্তারা বলেন, ডায়াবেটিস মোকাবিলায় আগাম পদক্ষেপ নেওয়ার এখনই সময়। রোগ শনাক্ত হওয়ার পর চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ, স্বাস্থ্যশিক্ষা, সহজলভ্য ওষুধ এবং প্রান্তিক পর্যায়ে মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে ডায়াবেটিসজনিত জটিলতা ও অকালমৃত্যু অনেকাংশে কমানো সম্ভব।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন
স্বাস্থ্য

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্…

স্বাস্থ্য

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ, চিকিৎসাধীন পল্লিচিকিৎসক কিরণ মিয়ার মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্…