ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি বিমা দাবি পেয়েছেন মেটলাইফের গ্রাহকেরা

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা।
মেটলাইফ বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস সাইফুর রহমানের তথ্যমতে, এই সময়ে গ্রাহকদের ডেঙ্গু চিকিৎসায় ২ কোটি ৫০ লাখ টাকার বেশি বিমা দাবির অর্থ পরিশোধ করা হয়েছে।
সাধারণত ডেঙ্গু সংক্রমণ হলে আক্রান্ত ব্যক্তিকে টানা কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এর সঙ্গে যোগ হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের আনুষঙ্গিক খরচ, যার জন্য অনেকেরই আগে থেকে কোনো প্রস্তুতি থাকে না।
মেটলাইফের কাছ থেকে সময়মতো বিমার টাকা পেয়ে গ্রাহকেরা বড় ধরনের আর্থিক স্বস্তি পেয়েছেন বলে জানানো হয়েছে। এই অর্থ তাদের হাসপাতালের খরচ মেটানোর পাশাপাশি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেও সহায়তা করেছে। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এই অর্থ।
বিমা দাবি পরিশোধের এই চিত্র অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি দেখায়, বিমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ নানা প্রয়োজনে তা কাজে আসে।


