পাঁচ বছর পর ফিরছে মীরাক্কেল, সঞ্চালনায় মীর থাকছেন কি না ধোঁয়াশা

দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স। মীর আফসার আলীর সঞ্চালনা, প্রতিযোগীদের কৌতুক আর বিচারকদের সঙ্গে খুনসুটির জন্য অনুষ্ঠানটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স সিজন ১০-এর প্রচার শুরু হয়েছিল ২০২০ সালে এবং শেষ হয় ২০২১ সালে। এরপর থেকে আয়োজনটি বন্ধ ছিল।
গত বুধবার মীরাক্কেল সিজন ১১-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জি বাংলা। অডিশনে অংশ নেওয়ার জন্য সব বয়সের কমেডি শিল্পীদের আহ্বান জানানো হয়েছে।
অডিশনের নিয়ম অনুযায়ী, পাঁচ বছরের ঊর্ধ্বে যেকোনো ব্যক্তি নিজের বলা জোকসের ভিডিও পাঠিয়ে অডিশনে অংশ নিতে পারবেন। বাছাই পর্ব শেষে শুরু হবে মূল পর্বের লড়াই।
তবে এবারের সিজনে সঞ্চালকের আসনে মীর আফসার আলী থাকছেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, চ্যানেলটির পক্ষ থেকে সঞ্চালকের নাম প্রকাশ করা হয়নি।
নতুন সিজনের ঘোষণার পরও এ বিষয়ে চুপ আছেন মীর। বিভিন্ন সংবাদমাধ্যম তাঁর কাছে জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে গেছেন।
মীরাক্কেল বন্ধ থাকাকালীন একাধিক সাক্ষাৎকারে মীর জানিয়েছিলেন, তিনি আর এই অনুষ্ঠানে ফিরতে চান না। মূলত অনুষ্ঠানে নানা বিধিনিষেধ জুড়ে দেওয়ায় তিনি বিরক্ত ছিলেন।
মীরাক্কেলের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ও সঞ্চালকের বিষয়টি এখনো পরিষ্কার করেননি। তবে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নতুন সিজন সাজানো হয়েছে নতুন ফরম্যাটে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে মীরাক্কেল সিজন ১১ শুরু হবে।
সঞ্চালকের মতো অনুষ্ঠানের বিচারকদের নামও প্রকাশ করেনি চ্যানেলটি। আগের বেশ কয়েকটি সিজনে বিচারক প্যানেলে থাকা শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন সিজন নিয়ে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
তবে নতুন সিজনের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় দর্শকেরা দাবি জানাচ্ছেন, পুরোনো টিমকে ফিরিয়ে আনতে হবে।
মীরাক্কেল ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত হলেও বাংলাদেশে বেশ জনপ্রিয়। বাংলাদেশের প্রতিযোগীরা নিয়মিত এই শোতে অংশ নিয়েছেন এবং সেরার পুরস্কারও জিতেছেন। এই প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন আবু হেনা রনি, ইশতিয়াক নাসের, আনোয়ারুল আলম সজল, জামিল হোসেন, আরমান, পাভেল, হৃদয় প্রমুখ।



