চাঁপাইনবাবগঞ্জে ম্যাক্স হাসপাতালের মালিকানা বিরোধে চিকিৎসকের চেম্বার বন্ধ, দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকানা নিয়ে বিরোধের জেরে অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল দখলের আশঙ্কা এবং গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার হস্তান্তরের অভিযোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে চেম্বার বন্ধের নোটিশ দেওয়া হয়।
এর আগে বুধবার (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান লোকজন নিয়ে হাসপাতালে গিয়ে মালিকানা দাবি করেন। এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বৃহস্পতিবার দিনভর হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার ডা. ইসমাইল হোসেনকে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) জেলা শাখার সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. আল মামুন বলেন, হাসপাতালের গঠনতন্ত্র অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরের কারও কাছে শেয়ার বিক্রি বা মালিকানা হস্তান্তরের সুযোগ নেই। কয়েকজন শেয়ারহোল্ডার নিয়ম মেনে শেয়ার হস্তান্তর করলেও ডা. ইসমাইল হোসেন কর্তৃপক্ষকে না জানিয়ে রবি নামের এক ব্যক্তির কাছে শেয়ার হস্তান্তর করেন। পরে ওই ব্যক্তি ওবায়েদ পাঠানের কাছে শেয়ার বিক্রি করেছেন বলে দাবি করা হচ্ছে। তাঁদের এই হস্তান্তর সম্পূর্ণ অবৈধ ও নিয়মবহির্ভূত বলে তিনি দাবি করেন।
ডা. আল মামুন আরও বলেন, বুধবার ১৫ থেকে ২০ জন লোক নিয়ে ওবায়েদ পাঠান হাসপাতালে এসে হিসাব শাখায় মালিকানা দাবি করেন। এ সময় তিনি সব শেয়ারহোল্ডারের তালিকা ও হাসপাতালের হিসাব-নিকাশ চান। ওবায়েদ পাঠান ছাড়াও আরও ২০ থেকে ২৫ ব্যক্তি মালিকানা দাবি করছেন। এতে হাসপাতালে অরাজকতা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মালিকানা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডা. ইসমাইলের চেম্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তিনি জানান, প্রায় এক মাস আগেও রবি ও তাঁর কয়েকজন সহযোগী একইভাবে হাসপাতালে এসে মালিকানা দাবি করেছিলেন। তখন এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পুলিশ তদন্ত শেষে মামলা করেছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। বুধবার ওবায়েদ পাঠানের প্রবেশ ও মালিকানা দাবির ঘটনায়ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
তবে বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলেন, সম্প্রতি তিনি রবি নামের এক ব্যক্তির কাছ থেকে হাসপাতালের শেয়ার কিনেছেন। হাসপাতালে একটি চক্র অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে—এমন অভিযোগ পেয়ে বুধবার তিনি সেখানে যান এবং হিসাব শাখায় সব মালিকের তালিকা চান। সব শেয়ারহোল্ডারকে নিয়ে সাধারণ সভা করে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নির্বাচনের পরিকল্পনা রয়েছে তাঁর।
ওবায়েদ পাঠানের দাবি, হাসপাতাল দখল করতে নয়, বৈধ মালিকানা থাকায় নিয়মতান্ত্রিকভাবেই তিনি সেখানে গিয়েছিলেন। অথচ কোনো পূর্ব নোটিশ ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে ডা. ইসমাইলের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে ডা. ইসমাইল হোসেন বলেন, বর্তমানে হাসপাতালটিতে তাঁর কোনো শেয়ার নেই; অনেক আগেই তিনি শেয়ার হস্তান্তর করেছেন। যাঁর কাছে তিনি শেয়ার হস্তান্তর করেছিলেন, তিনি পরে অন্য একজনের কাছে তা বিক্রি করেছেন। তাঁর দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকেই একটি পক্ষ তাঁর চেম্বার বন্ধ করেছে। বর্তমানে দায়িত্বে থাকা হাসপাতাল চেয়ারম্যানের বৈধতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।


