প্রসবের পর ওজন কমাতে ক্র্যাশ ডায়েট নয়, আলিয়া-কারিনারা বেছে নিয়েছেন ধৈর্য আর নিয়ম

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং সন্তান জন্মদানের পর বাড়তি ওজন নিয়ে অনেক মাকেই দুশ্চিন্তায় পড়তে হয়। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। পর্দায় নিজেদের ফিট রাখতে এবং সুস্থ থাকতে তাঁরা ক্র্যাশ ডায়েট বা অস্বাস্থ্যকর শর্টকাটের বদলে বেছে নিয়েছেন সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও মানসিক প্রশান্তিকে গুরুত্ব দেওয়ার পথ।
কন্যা রাহার জন্মের পর খুব দ্রুতই আগের ছিপছিপে গড়নে ফিরে এসে সবাইকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। তবে কোনো ওষুধ বা স্বল্পমেয়াদি উপায়ে নয়; ধৈর্য ধরে প্রাকৃতিক উপায়েই ওজন কমিয়েছেন তিনি। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমকে আলিয়া জানিয়েছেন, সন্তানকে নিয়মিত স্তন্যপান করানোর ফলে প্রচুর ক্যালরি পোড়ানো সম্ভব হয়, যা তাঁকে প্রাকৃতিকভাবে ওজন কমাতে সবচেয়ে বেশি সাহায্য করেছে।
ওজন কমানোর জন্য আলিয়া কখনোই না খেয়ে থাকেননি। পরিমিত পরিমাণে পুষ্টিকর ঘরোয়া খাবার খেয়েছেন তিনি, আর প্রসবের পর শক্তি জোগাতে বাদাম, কিশমিশ, নারকেল ও অন্যান্য পুষ্টি উপাদানসমৃদ্ধ লাড্ডু রেখেছিলেন খাদ্যতালিকায়।
শরীরচর্চার ক্ষেত্রেও তাড়াহুড়ো করেননি আলিয়া। সন্তান জন্মের প্রথম দুই সপ্তাহ তিনি শুধু ১৫ মিনিট হাঁটা এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করেছেন। ১২ সপ্তাহ পর চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি যোগব্যায়াম, পিলাটিস এবং হালকা কার্ডিও শুরু করেন।
দুই সন্তানের মা কারিনা কাপুর খানের গর্ভাবস্থায় প্রায় ১৮ কেজি ওজন বেড়েছিল। তবে তাঁর ফিটনেস যাত্রায় কখনোই অস্বাভাবিক তাড়াহুড়ো ছিল না। সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকারের পরামর্শে কারিনা ভাত, ডাল, ঘি এবং মৌসুমি ফলমূল খেয়েই ওজন কমিয়েছেন।
কারিনা মনে করেন, না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে, যা নতুন মায়েদের জন্য মোটেও ঠিক নয়। শরীরচর্চার ক্ষেত্রে জিমের ভারী যন্ত্রপাতির বদলে তিনি প্রতিদিন নিয়ম করে হাঁটা এবং যোগব্যায়াম, বিশেষ করে সূর্য নমস্কারের ওপর ভরসা রেখেছিলেন।
অভিনেত্রী গওহর খান সন্তান জন্মের মাত্র ১০ দিনের মাথায় প্রায় ১০ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছিলেন। তিনি জানান, এর পেছনে আলাদা কোনো জাদু ছিল না; রাত জেগে সন্তানের দেখাশোনা করা, প্রতি দুই ঘণ্টা পরপর বুকের দুধ খাওয়ানো এবং ঘরের স্বাভাবিক কাজকর্মের কারণেই তাঁর প্রচুর ক্যালরি ক্ষয় হয়েছে।
অভিনেত্রী অমৃতার ক্ষেত্রে চিত্রটা আরও বড়। ২০১০ ও ২০১২ সালে সন্তান জন্মের সময় প্রতিবার তাঁর ৩০ কেজি করে ওজন বেড়ে গিয়েছিল। কিন্তু তাড়াহুড়ো করে রোগা হওয়ার চেষ্টা করেননি তিনি। তাঁর ভাষ্য, ফিট থাকা কোনো জাদু নয়; এর পেছনে রয়েছে নিয়মিত প্রচেষ্টা, ধৈর্য এবং নিজের প্রতি যত্ন। রাস্তা হোক বা ট্রেডমিল—যখন যেখানে সম্ভব, তিনি হেঁটে নিতেন; পাশাপাশি নিয়মিত জিমে কার্ডিও এবং শক্তিবর্ধক ব্যায়ামও করতেন তিনি।
এসব অভিজ্ঞতা থেকে একটি বিষয়ই স্পষ্ট—সবার শরীর একভাবে কাজ করে না। কারও ওজন কয়েক সপ্তাহে কমে, আবার কারও এক বছরও লাগতে পারে। তাই অন্যের সঙ্গে তুলনা না করে নিজের শরীরকে সুস্থ হওয়ার জন্য সময় দেওয়া জরুরি।
প্রসবের পর শরীরের ক্ষয়পূরণ এবং শিশুর পুষ্টির জন্য মায়ের সুষম খাবারের প্রয়োজন হয়। তাই ক্যালরি একদম কমিয়ে না দিয়ে স্বাস্থ্যকর খাবার পরিমিত পরিমাণে খাওয়া উচিত। বিশেষ করে সিজারিয়ান ডেলিভারির পর ভারী ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।



