…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই, মারা গেলেন ৬৩ বছর বয়সে

নিজস্ব প্রতিবেদক
‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই, মারা গেলেন ৬৩ বছর বয়সে
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হতো। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণসহ একাধিক জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে সাহেদকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃদু স্ট্রোক হয়। এরপর তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। এর মধ্যে তাঁর ডেঙ্গুও শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে একপর্যায়ে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

সাহেদের শারীরিক পরিস্থিতি নিয়ে প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ রুবাইয়াত রহমান তাঁর এক লেখায় জানিয়েছেন, কিডনির অসুস্থতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু ও হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছিলেন শিল্পী। সর্বশেষ অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক পরিস্থিতি আরও জটিল করে তোলে।

অসুস্থতার কারণে থেমে যায় সাহেদের দীর্ঘদিনের গানের আয়োজনও। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশেরও পরিকল্পনা ছিল তাঁর। ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ উপলক্ষে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে আয়োজনটি বাতিল করা হয়।

এরশাদুল হক জানিয়েছিলেন, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য সাহেদের দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত হয়। নতুন গান প্রকাশ আর সুস্থ হয়ে গানে ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় নিলেন তিনি।

শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিতি পান তিনি। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিবের দাবি ঘিরে বিতর্ক, বাস্তব সংখ্যা অনেক কম

পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যৌথ উদ্যোগে সিনেমা নির্মাণ এবং দেশটির কোনো জনপ্রিয় অভিনেত্রীর বিপরীতে জুটি বাঁধার আগ্রহ প্রকাশ করেছেন ঢালিউডের শী…

বিনোদন

গ্রিসে কাব্য মারানকে বিয়ের পর জানুয়ারি পর্যন্ত সংগীত থেকে বিরতিতে অনিরুদ্ধ

বিয়ের পর পেশাগত ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত …

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে শেষ হলো স্কলাসটিকার দুদিনের নাট্যানুষ্ঠান
বিনোদন

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে শেষ হলো স্কলাসটিকার দুদিনের নাট্যানুষ্ঠান

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’—এই দুটি নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হয়েছে স্কলাসটিকার দুই দিনব্যাপী নাট্যানুষ্ঠান। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায়…

৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরসূরি উপাসনা, তারকা-পুত্রবধূর পরিচয়ের বাইরে নিজের অবস্থান
বিনোদন

৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরসূরি উপাসনা, তারকা-পুত্রবধূর পরিচয়ের বাইরে নিজের অবস্থান

স্বামী ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ, শ্বশুর মেগাস্টার চিরঞ্জীবী। তবু উপাসনা কোনিডেলার পরিচয় শুধু তারকা পরিবারের পুত্রবধূ হিসেবে নয়। ভারতের অন্যতম…