চিঠির ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিটিভির নতুন অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’, এবারের বিষয় নজরুলের চিঠি
চিঠির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে নতুন পাক্ষিক অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’। অনুষ্ঠানটির এবারের পর্বের বিষয় ছিল ‘নজরুলের চিঠি’।
অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হয়েছে ১১ নভেম্বর ২০২৬, বুধবার রাত ১১টা ৫ মিনিটে।
অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনা করেছেন বিশিষ্ট লেখক অনার্য মুর্শিদ। উপস্থাপনা করেছেন বিটিভির সংবাদ পাঠিকা মেহেনাজ মুন্নি। অনুষ্ঠানটির প্রযোজক গোলাম মোর্শেদ এবং প্রধান সমন্বয়ক এনামুল হক। নির্মাণে সহায়তা করেছে দোয়েল কমিউনিকেশনস।
অনুষ্ঠানে সময়ের পরিবর্তনে চিঠির সেকাল ও একাল আলোচনা ও আর্ট-শোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রায় হারিয়ে যাওয়া চিঠির ভাঁজে লুকিয়ে থাকা আবেগ, অতীতের যোগাযোগব্যবস্থা, সমাজচিত্র, ইতিহাস-ঐতিহ্য, শিল্পকর্ম, সাহিত্য ও দর্শন এই আয়োজনে তুলে আনার চেষ্টা করা হয়েছে।
প্রযোজক গোলাম মোর্শেদ বলেন, এই গবেষণাধর্মী অনুষ্ঠানে আলোচনার জন্য বয়োজ্যেষ্ঠ অতিথিদের পাশাপাশি তরুণ অতিথিদেরও ডাকা হচ্ছে। দুই প্রজন্মের সেতুবন্ধনের মধ্য দিয়ে ‘ফিরে এসো চিঠি’ যেন হয়ে উঠেছে কালের আয়না, যেখানে প্রজন্ম থেকে প্রজন্মের অনুভবের গল্প দেখা যাচ্ছে।
দোয়েল কমিউনিকেশনসের প্রধান নির্বাহী মসিউর রহমান বলেন, চিঠি যুগে যুগে ছিল এবং থাকবে। ব্যস্ত জীবনের মধ্যেও প্রিয়জনদের অনুভূতি বোঝা কতটা গুরুত্বপূর্ণ, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই মানবিক আহ্বানই রাখার চেষ্টা করা হয়েছে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ঐতিহ্যের ধুলোমাখা ডাকবাক্সগুলো আবার খোলার চেষ্টা হিসেবেই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।

