যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু হবে।
তিনি বলেন, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছরের জুন মাসে এটি চালু করা হবে। করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গভাবে চালুর পর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলার দুস্থ-অসহায় পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি ব্যবস্থাপনায় কিডনি ডায়ালাইসিসের সুবিধা পেতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০০ দুস্থ-অসহায় পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
সার বিতরণ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি বলেন, এ ক্ষেত্রে সার ডিলারের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। অনিয়মের অভিযোগ পেলে ডিলারশিপ বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না। একইভাবে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়ালেখাও বন্ধ হবে না। বর্তমান সরকার এ নিশ্চয়তা দিতে চায়।
সরকারি ভাতা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে সরকারি ভাতা পেতে অর্থ লেনদেন করতে হয়েছে কিংবা জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হয়েছে। এখন থেকে কোনো ভাতা পেতে কাউকে অর্থ দিতে হবে না বা কারও কাছে ধরনা দিতে হবে না।
তিনি বলেন, ভাতা পাওয়ার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ নেবেন, তাঁকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার।
জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজেও জনগণের কাছে জবাবদিহি করবেন বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, একইভাবে সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলু ও মিজানুর রহমান খান।



