…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

নওগাঁ পৌর এলাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা, জেলায় ডেঙ্গু রোগী ৭৩৪

নিজস্ব প্রতিবেদক

সন্ধ্যা নামলেই বদলে যাচ্ছে নওগাঁ শহরের চিত্র। ঘরের দরজা-জানালা বন্ধ করেও মিলছে না স্বস্তি। পড়ার টেবিল থেকে বসার ঘর, অফিস থেকে ব্যবসাপ্রতিষ্ঠান — সর্বত্র মশার অবাধ বিচরণ। কয়েল, স্প্রে কিংবা বৈদ্যুতিক ব্যাট, কোনোটিই যেন কাজে আসছে না। সন্ধ্যা গড়াতেই মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠছেন পৌর এলাকার বাসিন্দারা; ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, বিঘ্নিত হচ্ছে কর্মজীবী মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড। এর সঙ্গে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনমনে তৈরি হয়েছে বাড়তি উদ্বেগ।

পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে পড়ে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন ড্রেন-নর্দমা, ডোবা ও বিভিন্ন জলাশয় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে। দীর্ঘদিন এসব স্থান যথাযথভাবে পরিষ্কার না করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কোথাও কোথাও মশা নিধনের ওষুধ ছিটানো হলেও তার দৃশ্যমান সুফল মিলছে না। বিশেষ করে সন্ধ্যার পর ঘরে-বাইরে স্বাভাবিকভাবে চলাফেরা করাও কঠিন হয়ে পড়ছে। মশা নিয়ন্ত্রণে পৌরসভার কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন অনেক বাসিন্দা।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত নওগাঁ পৌরসভা ১৯৮০ সালে দ্বিতীয় শ্রেণি এবং ১৯৮৯ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। প্রায় ৩৮ দশমিক ৩৬ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় রয়েছে ৯টি ওয়ার্ড ও ৫৬টি মহল্লা। পৌরসভার জনসংখ্যা সম্পর্কে এক তথ্যে প্রায় দেড় লাখ এবং অন্য তথ্যে ১ লাখ ৮০ হাজার ৬৪৯ জনের কথা উল্লেখ রয়েছে।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস ধরে মশা ও পোকার উপদ্রব বেড়েছে। বাসাবাড়ির পাশাপাশি হাসপাতাল, বাস টার্মিনাল, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলেও রয়েছে মশার উৎপাত। শিশু থেকে বৃদ্ধ, কেউই রেহাই পাচ্ছেন না।

জনস্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, মশা নিয়ন্ত্রণে শুধু উড়ন্ত মশা নিধন যথেষ্ট নয়; মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস করায় বেশি গুরুত্ব দিতে হবে।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ বলেন, নারী মশা সারা বছরই ডিম পাড়ে, তবে শীতের পর তাপমাত্রা বাড়তে শুরু করলে ডিম পাড়ার প্রবণতা বৃদ্ধি পায় এবং মশার বংশবিস্তারও দ্রুত ঘটে। সাধারণত ড্রেন, ডোবা, নর্দমা ও পচা পানিতে মশার বংশবিস্তার হয়, তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। তিনি বলেন, আগে মশার কামড়ে ম্যালেরিয়া জ্বরের প্রকোপ থাকলেও বর্তমানে তা কমেছে; তবে এডিস মশার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, কারণ এ মশার কামড়ে ডেঙ্গুসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও বিভিন্ন পাত্রে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

মশার উপদ্রবের পাশাপাশি জেলায় ডেঙ্গু পরিস্থিতিও উদ্বেগ তৈরি করছে। নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ৭৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০৫ জন। বর্তমানে জেলা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন করে এবং আত্রাই, সাপাহার ও ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে দুজন করে রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ২৯ জনের মধ্যে নওগাঁ জেনারেল হাসপাতালে ১১ জন, পত্নীতলা ও সাপাহারে পাঁচজন করে, নিয়ামতপুরে চারজন এবং আত্রাই ও পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে রয়েছেন। জেলার অন্যান্য উপজেলা হাসপাতালে বর্তমানে কোনো ডেঙ্গুরোগী ভর্তি নেই।

মশা নিয়ন্ত্রণে পৌরসভার উদ্যোগের বিষয়ে প্রশাসক টিএমএ মমিন বলেন, পৌর এলাকার ড্রেন, ডোবা ও ঝোপঝাড়ে মশা নিধনের ওষুধ স্প্রে কার্যক্রম অব্যাহত রয়েছে। মশার বংশবিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের কার্যক্রমও শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। প্রয়োজনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ
স্বাস্থ্য

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ

যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্যানসার সোসাইটি প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা দিয়েছে। ১২ নভেম্বর প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় গড় ঝুঁকিতে থাক…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে
স্বাস্থ্য

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্…