মাঝরাতে স্ট্যালিব্রিজের ছোট রেস্তোরাঁয় স্টিভি ওয়ান্ডার, রেখে গেলেন ১,০০০ পাউন্ড বখশিশ

ইংল্যান্ডের স্ট্যালিব্রিজ শহরের ছোট্ট রেস্তোরাঁ ক্যাফে কন্টিনেন্টালে রোববার গভীর রাতে হাজির হয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী স্টিভি ওয়ান্ডার। রাত সাড়ে ১২টায় তিনি রেস্তোরাঁয় পৌঁছান, আর যাওয়ার আগে কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য রেখে যান ১,০০০ পাউন্ড বখশিশ।
রেস্তোরাঁর সহমালিক রায়ান রবিনসন জানান, ওয়ান্ডারের টিম ফোন করে জিজ্ঞেস করেছিল, রোববার রাত ১১টায় তারা সবাই রেস্তোরাঁয় আসতে পারবেন কি না। রবিনসন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। প্রথমে আসেন ব্যান্ডের সদস্যরা, তারপর রাত সাড়ে ১২টায় আসেন ওয়ান্ডার নিজে।
৭৬ বছর বয়সী ওয়ান্ডার তখন ম্যানচেস্টারে ছিলেন তাঁর ‘সংস ইন দ্য কি অব লাইফ’ অ্যালবামের ৫০ বছর পূর্তির সফরে। রোববার রাতে কো-অপ লাইভে ছিল তাঁর কনসার্ট। ১৩টি শহরের ইউরোপীয় পর্বের এটি ছিল দ্বিতীয় শেষ রাত, যেখানে তিনি তাঁর সবচেয়ে বিখ্যাত অ্যালবামের ২১টি গানই পরিবেশন করেন। এই অ্যালবামেই রয়েছে ‘হ্যাভ আ টক উইথ গড’, ‘স্যার ডিউক’, ‘জয় ইনসাইড মাই টিয়ার্স’ ও ‘ইজন্ট শি লাভলি’র মতো গান।
রবিনসন জানান, সফরের সঙ্গী সংগীতশিল্পীরা আগেও কয়েকবার রেস্তোরাঁটিতে এসেছিলেন, কারণ অন্য শিল্পীদের সঙ্গেও তাঁরা প্রায়ই সফর করেন। প্রতিবারই তাঁরা বলতেন, স্টিভি হয়তো আসবেন। শনিবার ব্যান্ডের সদস্যরা আবার আসেন এবং ফোনে জানান, ম্যানচেস্টারের শোর পর স্টিভির কনিষ্ঠ মেয়েকে নিয়ে তাঁরা আবার আসতে চান, স্টিভিও আসতে পারেন।
রবিনসন বলেন, ‘আমরা তাদের জন্য দেরি পর্যন্ত খোলা রেখেছিলাম, তারপর তিনি সত্যিই এলেন—সবকিছুই ছিল একটু পাগলামির মতো! রোববার আমরা সাধারণত শুধু রোস্ট পরিবেশন করি, তাই পুরো মেন্যু প্রস্তুত রাখা ছিল একটা তাড়াহুড়োর কাজ। কিন্তু সবাই ছিলেন অত্যন্ত ভালো। স্টিভি সত্যিই চমৎকার একজন মানুষ, ছবি তুলতে ও কথা বলতে তিনি খুশিমনেই রাজি ছিলেন।’
সেদিন রাতের অতিথিদের মধ্যে ছিলেন ওয়ান্ডারের মেয়ে আয়েশা, যাকে নিয়ে নবজাতক থাকা অবস্থায় তিনি লিখেছিলেন ‘ইজন্ট শি লাভলি’। রবিনসন বলেন, ‘তাঁর মেয়ে, তাঁর পরিবার আর পুরো টিম—সবাই খুবই সরল ও ভদ্র। দেখে মনে হবে না তাঁরা এত বড় বৈশ্বিক তারকা। আমি বারবার তাকিয়ে ভাবছিলাম, এটা সত্যিই ঘটছে তো? আমরা এখনো ঘোর কাটিয়ে উঠতে পারিনি!’
ওয়ান্ডার ও তাঁর সঙ্গীরা সেদিন স্টেক ও সামুদ্রিক খাবার খেয়েছিলেন। যাওয়ার আগে তাঁরা ১,০০০ পাউন্ড বখশিশ দেন, যা কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয় বলে জানান রবিনসন। পরে রেস্তোরাঁটি ফেসবুকে লিখেছে, ‘মাঝে মাঝে অবাস্তব কিছু ঘটে যায়। এটা ঠিক তেমনই একটা ঘটনা! সফরের শেষে মিস্টার স্টিভি ওয়ান্ডারকে রেস্তোরাঁয় স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত!’
রবিনসনের ধারণা, ব্যান্ডের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই রেস্তোরাঁটির খোঁজ পেয়েছিলেন। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যম না থাকলে হয়তো তারা কাছাকাছি কিছু খুঁজে শহরের কেন্দ্রে চলে যেতেন। কিন্তু এটা তাদের শহরতলিতে আমাদের এখানে নিয়ে এসেছে, দেখতে খুবই ভালো লাগছে। আমাদের মতো ছোট স্বাধীন ব্যবসার জন্য এটা অনেক বড় পাওয়া; এই শহরে এত বড় একজন সেলিব্রিটির আসা এলাকার জন্যও অনেক কিছু করে।’
ক্যাফে কন্টিনেন্টাল নিজেকে স্ট্যালিব্রিজের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি পাড়ার রেস্তোরাঁ হিসেবে পরিচয় দেয়, যেখানে আধুনিক ধাঁচের দিন থেকে রাত পর্যন্ত খাবারের অভিজ্ঞতা দেওয়া হয়।


