যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ ৫ হাজার ৪০০ ছাড়াল, মৃত্যু বেড়ে ৮ জনের তথ্য দিল সিডিসি

যুক্তরাষ্ট্রজুড়ে হামের সংক্রমণ ৫ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে বলে শুক্রবার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সারা দেশে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার মধ্যেই এই নতুন হিসাব এল।
সিডিসি বলছে, ৪৫টি রাজ্যে মোট ৫ হাজার ৪১২ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। গত শুক্রবারের হালনাগাদের পর থেকে এটি ২৩০ জন বেশি।
তুলনায়, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বছরে গড়ে মাত্র ১৮০ জন হামে আক্রান্ত হতেন।
রাজ্য স্বাস্থ্য বিভাগগুলোর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে—পেনসিলভানিয়ায় ছয়জন, নিউইয়র্কে একজন এবং উইসকনসিনে একজন।
যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের মর্যাদা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত শুক্রবারের মধ্যেই আসতে পারে বলে তথ্যে উল্লেখ করা হয়েছে।
কিন্ডারগার্টেনে হামের টিকা নেওয়া শিশুদের হার ২০১৯ সালের ৯৫ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ৯২ শতাংশে নেমেছে। সাধারণত কোনো জনগোষ্ঠীতে ৯৫ শতাংশ টিকার হার থাকলে হার্ড ইমিউনিটি পাওয়া যায়। এ বছর প্রায় ৩ লাখ কিন্ডারগার্টেন শিক্ষার্থী টিকা না নিয়েই শ্রেণিকক্ষে ঢুকেছে।
হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা দুই ডোজে দেওয়া হয়। প্রথম ডোজ ১২ থেকে ১৫ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ৪ থেকে ৬ বছর বয়সে দেওয়া হয়। এই দুই ডোজ সংক্রমণ প্রতিরোধে ৯৭ শতাংশ কার্যকর। টিকা নেওয়ার পরও কেউ আক্রান্ত হলে তাঁর গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কম থাকে।
হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগ। একজন অসুস্থ ব্যক্তি তাঁর সংস্পর্শে আসা টিকা না নেওয়া মানুষের ৯০ শতাংশকে সংক্রমিত করতে পারেন। অসুস্থ ব্যক্তি ঘর ছেড়ে যাওয়ার পরও ভাইরাসটি দুই ঘণ্টা পর্যন্ত পৃষ্ঠতল ও বাতাসে থেকে যায়।
হাম শুধু গায়ে ফুসকুড়ি নয়। হামে আক্রান্ত প্রতি ১০ শিশুর মধ্যে একজনের কানে সংক্রমণ হয় এবং প্রতি ১০ জনের একজনের ডায়রিয়া হয়।
টিকা না নেওয়া প্রতি পাঁচজনের একজন হাসপাতালে ভর্তি হন, আর প্রতি ২০ শিশুর মধ্যে একজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এ ছাড়া প্রতি ১ হাজার শিশুর মধ্যে একজন এনসেফালাইটিসে আক্রান্ত হয়—মস্তিষ্কের এই ফোলা থেকে খিঁচুনি, বধিরতা বা বুদ্ধিবৃত্তিক অক্ষমতা দেখা দিতে পারে। আক্রান্ত প্রতি ১ হাজার শিশুর মধ্যে প্রায় এক থেকে তিনজন শ্বাসতন্ত্র ও স্নায়বিক জটিলতায় মারা যায়।



