কর্ণফুলীতে জ্বরে আক্রান্ত হয়ে রাজমিস্ত্রি আবদুর রহিমের মৃত্যু, রিপোর্ট পাওয়ার আগেই শেষ বিদায়

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জ্বরে আক্রান্ত হয়ে আবদুর রহিম (৩০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আবদুর রহিম কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের ফকিরনির হাট এলাকার আবুল কালামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ও রংমিস্ত্রি ছিলেন। তাঁর সংসারে স্ত্রী, চার বছর বয়সী ছেলে আবরার ও দেড় বছর বয়সী মেয়ে আদিবা রয়েছে।
তাঁর ভাই আবদুল করিম বলেন, ‘ভাইয়ের জ্বর হয়েছিল। বুধবার কথা বলতে বলতেই ভাইকে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু বিকেলের দিকে ভাইয়ের শরীরটা বেশি খারাপ হয়ে গেল। এরপর রাতের মধ্যেই ভাইটা মারা গেল। এভাবে ভাইকে হারিয়ে ফেলব, আমরা কল্পনাও করিনি।’
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে আবদুর রহিমের হালকা জ্বর আসে। পরে তিনি স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে খান।
বুধবার দুপুরে জ্বর বেড়ে গেলে তাঁকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রহিমের স্ত্রীর ভাই কলিম উল্লাহ বলেন, বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুসহ আটটি পরীক্ষা করানো হয়েছিল। এর মধ্যে শুধু আলট্রাসনোগ্রাফির রিপোর্ট পাওয়া গিয়েছিল।
বৃহস্পতিবার সকালে অন্য পরীক্ষাগুলোর রিপোর্ট পাওয়ার আগেই আবদুর রহিম মারা যান। পরে পরিবারের সদস্যরা আর রিপোর্ট সংগ্রহ করেননি বলে কলিম উল্লাহ জানান।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আবদুর রহিমকে দাফন করা হয়।
বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে আত্মীয়স্বজনের ভিড় দেখা যায়। চার বছর বয়সী আবরার বাড়িতে এত মানুষ কেন, তা বুঝতে পারছে না; সে বারবার বাবা কোথায় জানতে চাইছে। পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, তার বাবা বিদেশে গেছেন।



