বিশ্ব ডায়াবেটিস দিবস আজ: দেরি না করে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
এবারের দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
এই উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ (১৪ নভেম্বর শনিবার) বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে; দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতিসহ নানা গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে তিনি উল্লেখ করেন। এমনকি সংক্রমণের ঝুঁকি বেড়ে অঙ্গচ্ছেদের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
যথাযথভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন বলে রাষ্ট্রপতি বলেন। এ জন্য রোগটির ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নগরায়ণের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে এবং কায়িক পরিশ্রম কমে যাওয়ায় দেশে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। তাই ব্যক্তি, পরিবার, কর্মস্থল ও সামাজিক পর্যায়ে এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে সম্মিলিতভাবে সুস্থ ও সুন্দর দেশ গড়ার আহ্বান জানান।
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা এবং বাংলাদেশেও এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগজনক।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রোগটির জটিলতা জীবনহানির কারণও হতে পারে বলে তিনি বলেন। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে, যাতে প্রত্যেক নাগরিক সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে, যা দেশের জন্য গৌরবের বিষয় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সমিতির সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
ডায়াবেটিস একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হলেও সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত হাঁটাচলা ও সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে এর ঝুঁকি কমানো এবং রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব; তাই ডায়াবেটিস প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।


