বায়ুদূষণ শুধু ফুসফুস নয়, হৃদপিণ্ড ও মস্তিষ্কেরও ক্ষতি করে: বিশেষজ্ঞের সতর্কবার্তা

বায়ুদূষণ শুধু পরিবেশের সমস্যা নয়, মানুষের শরীরের ওপরও এর গুরুতর প্রভাব পড়ে। বাতাসের মান খারাপ হলে ফুসফুসের পাশাপাশি হৃদপিণ্ড ও মস্তিষ্কসহ শরীরের অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন ফুসফুস বিশেষজ্ঞ ডা. মালবিকা। তাঁর মতে, দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস ও হৃদপিণ্ড।
দূষিত বাতাসে থাকা পিএম ২.৫ কণা এতটাই ক্ষুদ্র যে সেগুলো নাক ও ঊর্ধ্ব শ্বাসনালীর স্বাভাবিক প্রতিরোধব্যবস্থা এড়িয়ে সরাসরি ফুসফুসের অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছে যেতে পারে। পিএম ২.৫ বলতে বোঝায় এমন অতি সূক্ষ্ম কণা পদার্থ, যার ব্যাস ২.৫ মাইক্রোমিটার বা তার কম; এগুলো বায়ুবাহিত কঠিন কণা কিংবা তরল ফোঁটাও হতে পারে।
অ্যালভিওলাই হলো শ্বসনতন্ত্রের একেবারে শেষ প্রান্তে থাকা আণুবীক্ষণিক, পেয়ালা-আকৃতির বায়ুথলি। এই আণুবীক্ষণিক কণা ও বাতাসে থাকা রাসায়নিক উপাদানগুলো রক্তের সঙ্গে মিশে যেতে পারে, ফলে শরীরের অন্যান্য অঙ্গও দূষণের প্রভাবের বাইরে থাকে না।
ফুসফুসের ক্ষতির দিকটি ব্যাখ্যা করে ডা. মালবিকা বলেন, বায়ুদূষণের কারণে শ্বাসনালীতে মারাত্মক প্রদাহ হতে পারে। এতে শ্বাসনালীর পেশি সংকুচিত হয়ে যেতে পারে, যাকে ব্রঙ্কোস্পাজম বলা হয়। পাশাপাশি শ্বাস নেওয়ার সময় কষ্ট অনুভব হতে পারে এবং শিসের মতো শব্দ বা হুইজিংও দেখা যেতে পারে।
যাদের আগে থেকেই হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) আছে, তাদের ক্ষেত্রে এসব রোগের তীব্রতা বাড়তে পারে। ডা. মালবিকার কথায়, হাঁপানি থাকলে হঠাৎ অ্যাটাক হতে পারে, আর সিওপিডি রোগীদের কাশি, কফ ও শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে।
হৃদপিণ্ডের ওপরও দূষণের প্রভাব পড়ে। বায়ুদূষণের ফলে হৃৎস্পন্দন ও রক্তচাপে পরিবর্তন দেখা যেতে পারে এবং রক্তনালী স্ফীত হতে পারে বলে জানিয়েছেন এই চিকিৎসক। একই সঙ্গে অক্সিডেটিভ স্ট্রেসও বাড়তে পারে—রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস ও সেগুলো প্রশমিত করার অ্যান্টি-অক্সিডেন্ট সক্ষমতার মধ্যে ভারসাম্য নষ্ট হলে এই অবস্থা তৈরি হয়, যাতে কোষ ও কলার ক্ষতির আশঙ্কা থাকে। তাঁর মতে, দূষণের ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়তে পারে।
মস্তিষ্কের ক্ষেত্রে ঝুঁকি আরও ভিন্ন। মারাত্মক বায়ুদূষণের সংস্পর্শে রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে, যা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে। ডা. মালবিকা ব্যাখ্যা করেছেন, বায়ুদূষণের প্রথম ও সবচেয়ে সরাসরি প্রভাব পড়ে শ্বাসতন্ত্রের ওপরই।
দীর্ঘ সময় ধরে বায়ুবাহিত সূক্ষ্ম কণা, বিশেষ করে পিএম ২.৫-এর সংস্পর্শে থাকলে ফুসফুসের স্বাভাবিক কার্যকারিতা প্রভাবিত হতে পারে। দূষিত বাতাসে পিএম ২.৫-এর উপস্থিতি ফুসফুসের ক্যানসারের বড় কারণও হতে পারে—ধূমপানই ফুসফুসের ক্যানসারের একমাত্র কারণ নয়। আর দূষিত বাতাসের দীর্ঘস্থায়ী সংস্পর্শ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও বাড়িয়ে তোলে।
ক্রমাগত দূষিত বাতাসের সংস্পর্শে এলে কাশি ও কফের সমস্যা দেখা দিতে পারে, কায়িক পরিশ্রম বা ব্যায়াম করলে ক্লান্তি অনুভব হতে পারে। ডা. মালবিকার ভাষায়, ঘন ঘন শ্বাসনালীতে সংক্রমণ দেখা দিতে পারে, হাঁপানি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তে পারে এবং ধীরে ধীরে শ্বাসজনিত কষ্ট আরও বাড়তে পারে।
অল্প সময়ের দূষণ সংস্পর্শে ফুসফুসের স্থায়ী ক্ষতি হবে কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ফুসফুসের হালকা ফোলাভাব ও প্রদাহ অস্থায়ী; সংস্পর্শ বন্ধ হলে প্রভাব কমার সম্ভাবনা থাকে। তবে আগে থেকে ফুসফুসের রোগে আক্রান্তদের গুরুতর ও স্থায়ী ক্ষতির ঝুঁকি রয়ে যায়, আর ফুসফুসের টিস্যুতে ক্ষত বা ফাইব্রোসিস হলে তা দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
চিকিৎসার ক্ষেত্রে রোগীর লক্ষণ ও রোগের তীব্রতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। শ্বাসনালী সংকীর্ণ হয়ে গেলে ব্রঙ্কোডাইলেটর দেওয়া যেতে পারে, রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকলে অক্সিজেন থেরাপি লাগতে পারে, আর পরিশ্রমে ক্রমাগত অসুবিধা হলে পালমোনারি রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হতে পারে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড বা নেবুলাইজেশনের প্রয়োজন নেই—উপসর্গ ও মেডিকেল টেস্টের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসাই যথেষ্ট বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ।



