চলে গেলেন ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী

চলে গেলেন জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী।
শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাঁকে।
সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু, সংক্রমণসহ একাধিক জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
গুরুতর রক্তক্ষরণ শুরু হলে বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি।
সাহেদের জীবন ছিল বিচিত্র, গান ও গায়কিতেও ছিল স্বতন্ত্র ছাপ। নিজের জীবনদর্শন নিয়েও ছিলেন অকপট।
তাঁর কিছুটা ছাপ পাওয়া যায় ইউটিউব চ্যানেল ‘রেডিও গাগা’তে লেখক সাজ্জাদ হুসাইনের নেওয়া সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন, গানসহ নানা প্রসঙ্গ।
তিনি সাহেদ আলী। সংগীতজগতে যিনি পরিচিত ‘রোকযানা’ গানের শিল্পী হিসেবে। গানের কথা, সুর, গায়কি—সবকিছুতেই ছিল তাঁর নিজস্ব স্বভাব।
তাঁকে কেউ নাগরিক গায়ক বলেন, কেউ আরবান বাউল। আবার কেউ বলেন বেপরোয়া, খ্যাপাটে, অনিয়মতান্ত্রিক এক শিল্পী।
নিজের জীবন নিয়ে তাঁর সরল স্বীকারোক্তি ছিল, ‘আমি একটা জীবন যাপন করতে এসেছি দুনিয়াতে। উদ্যাপন করতে এসেছি, আনন্দ উদ্যাপন করতে এসেছি। সেটা যতটুকু পারা যায়, উপভোগ করাটাই হচ্ছে জীবন।’
জীবনের প্রতি এই ভালোবাসা থেকেই তাঁর ঘোষণা ছিল, ‘লাইফ ইজ রিয়েলি বিউটিফুল।’ জীবনের কোনো কিছু নিয়েই তাঁর অনুশোচনা ছিল না।
সেই সাক্ষাৎকারেই তাঁর বক্তব্য হিসেবে এসেছে, ‘বউ প্রাক্তন হয়, প্রেমিকা কখনো প্রাক্তন হয় না।’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাহেদের বয়স ছিল পাঁচ-ছয় বছর। ঢাকার গোপীবাগে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
সেই সময়ের একটি ঘটনার স্মৃতি তাঁর মনে স্পষ্ট ছিল। একদিন কারফিউ চলাকালে ললিপপ কিনতে গিয়ে তিনি দেখেন, দুই দিক থেকে দুজন পাকিস্তানি সেনা তাঁর দিকে অস্ত্র তাক করেছে। দোকানের ভেতর থেকে মিয়াচান চাচা তাঁকে চলে যেতে বলছিলেন, এর মধ্যেই ফাঁক দিয়ে চারটি ললিপপও হাতে ধরিয়ে দেন।
আরেকটি ঘটনা ঘটেছিল বড় বোনের শ্বশুরবাড়ি গেন্ডারিয়ায়। সেখানে মায়ের সঙ্গে গিয়েছিলেন তিনি। হঠাৎ শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। মা তাঁকে বুকের মধ্যে জড়িয়ে মাটিতে শুইয়ে দেন এবং বারবার বলছিলেন, ‘মাথা উঠাবি না, মাথা উঠাবি না।’ কাছের এক বাড়ির দরজা খুলে এক ব্যক্তি তাঁদের আশ্রয় দিয়েছিলেন।


