ইনজেকশন থেকে মুখে খাওয়ার বড়ির দিকে ডায়াবেটিসের ওষুধ, দক্ষিণের দেশগুলোয় সাশ্রয়ী চিকিৎসার আশা
বিশ্বে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রতি নয়জনের একজন ডায়াবেটিস নিয়ে বসবাস করছেন। একই সঙ্গে বিশ্বজুড়ে প্রতি আটজনের একজন স্থূলতায় ভুগছেন। এই পরিস্থিতিতে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগীদের জন্য জীবনরেখা হয়ে ওঠা ওষুধ এখন ধীরে ধীরে ইনজেকশন থেকে মুখে খাওয়ার বড়ির দিকে যাচ্ছে, যা রোগটির চিকিৎসা এবং কারা সেই চিকিৎসা পাবেন, দুটোই বদলে দিতে পারে।
এই বদল স্থূলতার চিকিৎসাকেও প্রভাবিত করতে পারে। স্থূলতাকে একসময় অতিরিক্ত খাওয়া ও অলসতার সঙ্গে যুক্ত বলে মনে করা হতো, এখন এটিকে একটি বিপাকীয় ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়।
জিএলপি-১ (গ্লুকাগন-লাইক পেপটাইড-১) রিসেপ্টর অ্যাগোনিস্ট থেরাপি নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পাওয়া প্রথম ওষুধ এক্সেনাটাইড বাজারে আসে ২০০৫ সালে। এরপর ২০০৯ সালে আসে লিরাগ্লুটাইড, যাকে ইনসুলিনের বিপ্লবী বিকল্প হিসেবে দেখা হয়েছিল।
তবে বাজারটি এতদিন মূলত সাপ্তাহিক ইনজেকশনের দখলে ছিল। ওজেমপিক ও উইগোভি (সেমাগ্লুটাইড) এবং মাউনজারো (টিরজেপাটাইড) এই তালিকায় পড়ে। এই ওষুধগুলো ওজন কমাতেও সফল প্রমাণিত হয়েছে।
এবার বিকল্প হিসেবে উঠে আসছে প্রতিদিন মুখে খাওয়ার জিএলপি বড়ি, বিশেষ করে ডায়াবেটিসে বেশি আক্রান্ত বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য।
একই বিস্ময়-ওষুধের মুখে খাওয়ার সংস্করণ চিকিৎসাকে আরও সাশ্রয়ী করতে পারে। পাশাপাশি জিএলপি-১ ইনজেকশন ও ইনসুলিন যে কোল্ড চেইনের ওপর নির্ভরশীল, তার ওপর নির্ভরতাও কমতে পারে; উদীয়মান অর্থনীতির দেশগুলোতে সেই কোল্ড চেইন নিশ্চিত করা কঠিন।
জিএলপি ইনজেকশনের দাম অনেক বেশি এবং বীমা কোম্পানিগুলো প্রায়ই এগুলোর খরচ বহন করে না, কারণ তারা এগুলোকে ঐচ্ছিক ওষুধ হিসেবে বিবেচনা করে।
যুক্তরাষ্ট্রে মাউনজারোর এক মাসের ডোজের দাম প্রায় ৫০০ ডলার। যুক্তরাজ্যে এর দাম প্রায় ১৯৯ পাউন্ড (২৬৪ ডলার) এবং সৌদি আরবে ১ হাজার ২৬১ রিয়াল (৩৩৬ ডলার)। ভারতে স্থানীয়ভাবে তৈরি এই ব্র্যান্ড পাওয়া যায় ১৪ হাজার ৭৬৬ রুপিতে (১৫৭ ডলার)। পাকিস্তানে আমদানি করা মাউনজারোর দাম ২ লাখ ২০ হাজার রুপি (৭২৩ ডলার), আর গেটজ ফার্মার স্থানীয়ভাবে তৈরি টিরজেপাটাইডের দাম ১৭ হাজার রুপি (৬১ ডলার)।
বড়ি সাধারণত প্রতিদিন একবার খেতে হয়, আর ইনজেকশন নিতে হয় সপ্তাহে একবার।
বিশ্বে ডায়াবেটিসের প্রকোপ সবচেয়ে বেশি পাকিস্তানে, দেশটির জনসংখ্যার ৩১ দশমিক ৪ শতাংশ এই রোগে আক্রান্ত। এরপর রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ (২৫ দশমিক ৭ শতাংশ) এবং কুয়েত (২৫ দশমিক ৬ শতাংশ)। মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ ডায়াবেটিসের প্রকোপে শীর্ষে থাকা দেশগুলোর তালিকায় রয়েছে।
বৈশ্বিক দক্ষিণের অনেক দেশের জন্য মুখে খাওয়ার জিএলপি ওষুধের তুলনামূলক সাশ্রয় বড় পার্থক্য গড়তে পারে। স্থানীয়ভাবে তৈরি মুখে খাওয়ার সেমাগ্লুটাইডের ৩০ দিনের সরবরাহের দাম প্রায় ১৮ ডলার। এই ওষুধে ফ্রিজে সংরক্ষণের প্রয়োজন পড়বে না এবং গ্রামাঞ্চলে বিতরণও সহজ হবে।
পাকিস্তানের করাচির এন্ডোক্রিনোলজিস্ট ডা. জাকির আলাভি প্রায় ৩০ বছর ধরে ডায়াবেটিস ও স্থূলতার রোগীদের চিকিৎসা করছেন। তিনি বলেন, ‘পাকিস্তান একটি বৈপরীত্যের দেশ। একদিকে এখানে শিশুদের অপুষ্টি, কম ওজন ও বৃদ্ধি থেমে যাওয়ার সমস্যা রয়েছে। অন্যদিকে রয়েছে শিশু ও প্রাপ্তবয়স্কদের স্থূলতা।’
চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় অপুষ্টির কারণে শিশুর জন্ম-ওজন কম হতে পারে, আর ছোট হয়ে জন্ম নেওয়া শিশু শৈশবে দ্রুত ওজন বাড়ালে তার শৈশবের স্থূলতার ঝুঁকি বেড়ে যায়। আলাভির মতে, প্রাপ্তবয়স্ক ও শিশুদের স্থূলতার অন্তত কিছু অংশের সঙ্গে অপুষ্ট মা এবং কম ওজন নিয়ে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুর যোগ রয়েছে।
আলাভি বলেন, ইনজেকশন হোক বা বড়ি, জিএলপি ওষুধ টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার ব্যবস্থাপনায় বিপ্লব ঘটিয়েছে। এগুলো শুধু টাইপ-২ ডায়াবেটিসের রোগীদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে না, ডায়াবেটিস নেই এমন ব্যক্তিদের স্থূলতা মোকাবিলায়ও সাহায্য করতে পারে; পাশাপাশি হৃদ্ ও কিডনির ফলাফল, যকৃতের রোগ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং অস্টিওআর্থ্রাইটিসের উন্নতি ঘটায়। তিনি বলেন, ‘ওজন কমানো জরুরি হোক, রক্তে শর্করা নিয়ন্ত্রণ জরুরি হোক বা দুটোই, এসব ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায়।’
কাতারের ওয়েইল কর্নেল মেডিকেল কলেজের মেডিসিনের অধ্যাপক এবং দোহার হামাদ মেডিকেল করপোরেশনের সিনিয়র কনসালট্যান্ট রায়াজ মালিকও আলাভির বক্তব্যের সঙ্গে একমত। ডায়াবেটিস ও স্থূলতার রোগীদের চিকিৎসায় সামনের সারিতে কাজ করা মালিক বলেন, এ বিষয়ে গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস সারাতে কতটা ওজন কমাতে হবে, সেই ‘জাদুকরী সংখ্যা’টি প্রায় ১৫ কেজির কাছাকাছি।
জিএলপি ওষুধের পেছনের বিজ্ঞানীদের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তি ইয়েনস ইউল হোলস্ট কোপেনহেগেনে থাকেন। তিনি একজন অধ্যাপক, চিকিৎসক ও ফিজিওলজিস্ট, অন্ত্রের হরমোন নিয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৭০-এর দশকে। তিনি বলেন, ‘আমরা যখন এটি আবিষ্কার করি, তখন অন্ত্র থেকে ইনসুলিন নিঃসরণকারী একটি পেপটাইড পেয়েছিলাম। ইনসুলিন নিঃসরণ কী নিয়ন্ত্রণ করে, তা জানতেই আমরা আগ্রহী ছিলাম।’


