ঢাকায় ভিএআরের নাটক পেরিয়ে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ফাইনালে ভারত

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। দুই গোলে এগিয়ে থাকা ভারতকে দ্বিতীয়ার্ধে ভিএআরের সিদ্ধান্তে পাওয়া গোলে চাপে ফেলে দিয়েছিল ভুটান, শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে চাপ তৈরি করে ভারত। অষ্টম মিনিটে তারা এগিয়ে যায়। সতীর্থের লম্বা পাস বক্সের সামনে নিয়ন্ত্রণে নিয়ে ভুটানের ডিফেন্ডার নিমা ওয়াংদির পায়ের ফাঁক দিয়ে বল বের করে পিভি বিষ্ণু ডান পায়ের শটে দূরের পোস্ট ঘেঁষে জালে পাঠান।
২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে অধিনায়ক চিঙ্গলেনসানা সিং ভলি করেন; বল ডিফ্লেকশন হয়ে জালে জড়ায়।
প্রথমার্ধে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারত, কিন্তু স্ট্রাইকার সুহাইল আহমদ ভাট সেগুলো কাজে লাগাতে পারেননি। কখনো গোলরক্ষক গিয়েলৎশেন জাংপো, কখনো ডিফেন্ডার তেনজিন নরবুর বাধায় আটকে যায় ভারতের আক্রমণ; বিষ্ণুর ক্রস থেকে পাওয়া সহজ সুযোগটিও হাতছাড়া করেন সুহাইল।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। গ্রুপ পর্বে কোনো জয় ছাড়াই সেমিফাইনালে ওঠা ভুটান নতুন উদ্যমে আক্রমণে যায়, সামনে থেকে দলকে নেতৃত্ব দেন অধিনায়ক চেনচো গিয়েলৎশেন। ভারতের রক্ষণে চাপ বাড়তে থাকে।
এর মধ্যেই সাফে প্রথমবারের মতো ব্যবহৃত রিমোট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সাহায্যে গোল পেয়ে যায় ভুটান। বিরতির পরপরই চেনচোর প্রচেষ্টা থেকে হেডে বল জালে পাঠান কিনজাং তাশি তোবদেন। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলেছিলেন, কিন্তু ভিএআরে যাচাইয়ের পর রেফারি গোলের সিদ্ধান্ত দেন। ব্যবধান ২-১ হতেই ম্যাচে উত্তেজনা বেড়ে যায়।
সমতা ফেরানোর আশায় আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভুটান। চেনচোর একটি ডিফ্লেক্টেড শট কোনোমতে ঠেকিয়ে ভারতকে রক্ষা করেন গোলরক্ষক আর্শ আনোয়ার শেখ।
এরপর আবারও আলোচনায় আসে ভিএআর। ইরফান ইয়াদওয়াদের ক্রস ভুটানের নিমা ওয়াংদির হাতে লাগলে রেফারি ভারতের পক্ষে পেনাল্টি দেন। কিন্তু ভিএআরে রিপ্লে দেখে তিনি সিদ্ধান্ত বদলে ফেলেন। পেনাল্টি বাতিল হওয়ায় স্বস্তি ফেরে ভুটান শিবিরে।
শেষ দিকে ভুটানের চাপ সামলাতে ব্যস্ত থাকতে হয় ভারতকে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছিল ভারত; যোগ করা সময়ে দুই গোল হজমের সেই স্মৃতি শেষ দিকে আবার মনে পড়ছিল। তবে এবার আর কোনো গোল হজম করতে হয়নি তাদের।
২০০৮ সালের পর সাফে প্রথমবার সেমিফাইনালে উঠেছিল ভুটান। ১৮ বছর আগে এই ভারতের কাছেই ২-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল তারা; এবারও একই ব্যবধানে হারতে হলো।
এই জয়ে সাফের ইতিহাসে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠল ভারত। ১৭ নভেম্বরের ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে, তা ঠিক হবে দ্বিতীয় সেমিফাইনালে—রাত সাড়ে ৮টায় যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।




