…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকাকে শান্তি ও উন্নয়নের মডেল করতে চান ডিএসসিসি প্রশাসক, বেইলি রোডে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন না করা পর্যন্ত তাঁদের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ঢাকা সিটি করপোরেশনকে জনগণের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছেন। একই সঙ্গে জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান। সে লক্ষ্যেই প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বেইলি রোডকে বিশেষ পরিচ্ছন্ন সড়ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই সড়কের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পুরো এলাকাকে বিশেষ রাস্তা হিসেবে ঘোষণা করা হবে। পরবর্তী সময়ে এর পরিধি আরও বাড়ানো হবে। সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে, কোথাও কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না।

বেইলি রোডের বাসিন্দাদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলাদা একটি দিন কর্মসূচি পালন করা হবে। ওই এলাকায় গাছ লাগানো এবং ফুটপাত পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ঢাকা শহর পরিচ্ছন্ন না থাকলে মশার উপদ্রব ও ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করা যাবে না। একইভাবে বায়ুদূষণ থেকেও ঢাকাকে রক্ষা করা কঠিন হবে। সুস্থভাবে বেঁচে থাকতে হলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও দূষণমুক্ত রাখার বিকল্প নেই।

নগরবাসীর সহযোগিতা চেয়ে আবদুস সালাম বলেন, কেউ যেন যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলেন। বিশেষ করে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের জায়গা পরিষ্কার রাখতে হবে। দোকান পরিষ্কার করে সেই ময়লা রাস্তায় ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে।

সচেতন নাগরিক ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পরিচ্ছন্নতা কার্যক্রমে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড ও এলাকায় এই কর্মসূচিতে সবাইকে অংশ নিতে হবে। কোথাও অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছে কি না এবং সিটি করপোরেশন যথাযথভাবে আবর্জনা পরিষ্কার করছে কি না, তা নজরদারি করতে হবে। কোথাও মশার উপদ্রব দেখা দিলে মশার ওষুধ ছিটানো হচ্ছে কি না, সেটিও সিটি করপোরেশনকে জানাতে হবে। পাশাপাশি নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে জনগণের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ঢাকা শহর একদিন সুন্দর ও শান্তির শহর হবে। এটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের রাজধানী হিসেবে বিশ্বে একটি সুন্দর নগরী হিসেবে পরিচিতি পাবে।’

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ক্লিনিং ডের অংশ হিসেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে
জাতীয়

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষ…

সদরঘাট থেকে চাঁদপুর মোহনা: লঞ্চে ১,১৫০ বন্ধুর দিনব্যাপী মিলনমেলা বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
জাতীয়

সদরঘাট থেকে চাঁদপুর মোহনা: লঞ্চে ১,১৫০ বন্ধুর দিনব্যাপী মিলনমেলা বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

নদীর বুকে দিনব্যাপী বন্ধুত্বের মিলনমেলা বসেছিল শুক্রবার। প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠান 'এসো মিলি জলধারায় ২.০'-তে অংশ…

মজুরির দাবিতে উত্তাল গাজীপুর–আশুলিয়া: ১৭ কারখানায় ছুটি, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক
জাতীয়

মজুরির দাবিতে উত্তাল গাজীপুর–আশুলিয়া: ১৭ কারখানায় ছুটি, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল। শনিবার (১৪ নভেম্বর) শ্রমিক বিক্ষোভের মুখে দুই শিল্পাঞ্…