ডাক্তারদের রাজনীতিতে না টানার আহ্বান মির্জা আব্বাসের: ‘ডাক্তার তো ডাক্তারই’
ডাক্তাররা যেন রাজনীতির শিকার না হন, সেই আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘আজকে বলা হয় বিএনপির ডাক্তার। মেডিকেল বইয়ে কী লেখা আছে বিএনপির বই? লেখা তো নেই। সুতরাং ডাক্তার তো ডাক্তারই।’
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘ডাক্তারদের যেন আমরা ডাক্তারই থাকতে দিই, তাদের যেন আর রাজনীতিতে না টানি। আমাদের বেলায়ও যেমন এটি প্রযোজ্য, ঠিক যেকোনো সরকারের বেলায়ও তা প্রযোজ্য হওয়া উচিত।’
তিনি বলেন, ‘এখন থেকে ২০ বছর আগে আমরা যাদের ডাক্তার হিসেবে দেখেছি, অনেকেই ছিল, এখন আর তারা নেই। তবে তাদের অবদান ফেলে দেওয়া যাবে না।’
মির্জা আব্বাস বলেন, ‘আমার দেশে ভালো ডাক্তার ছিল, আছে এবং আগামীতেও থাকবে।’
তিনি বলেন, দেশের ডাক্তাররা এখনো এত খারাপ হয়ে যাননি। তবুও প্রশ্ন ওঠে, নেতারা দেশের চিকিৎসা নেন না কেন।
মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো হাসপাতালের অভাব ও আস্থার অভাব রয়েছে। এ ছাড়া পরিবারের চাপে অনেক সময় বাইরে চিকিৎসা করাতে হয়।
তিনি বলেন, দেশে ভালো চিকিৎসা হয়, এটা অনেক লোক জানেই না। মানুষকে তা জানাতে হবে।
দেশে ভালো ডাক্তার তৈরি করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের ডাক্তাররাই বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।


