পীরগঞ্জে নকল আইসক্রিম কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা, ধ্বংস করা হলো দুই হাজার আইসক্রিম

রংপুরের পীরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে নকল আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানায় থাকা প্রায় দুই হাজার আইসক্রিম ও আইসক্রিম তৈরির বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়।
আজ শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের সোডাপীর বাজারে অবস্থিত পাইলট আইসক্রিম কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী।
অভিযানকালে কারখানাটিতে তেঁতুল, স্ট্রবেরিসহ বিভিন্ন ধরনের আইসক্রিম এবং নামীদামি প্রতিষ্ঠানের চটকদার মোড়ক ব্যবহার করে নকল আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত আইসক্রিম ও তৈরির উপকরণ ধ্বংস করে কারখানাটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নখারপাড়া গ্রামের আশরাফুল আলম দীর্ঘদিন ধরে এসব নকল আইসক্রিম তৈরি ও বাজারজাত করে আসছিলেন। অভিযানে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তাফাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



