এশিয়ার প্রথম ইউরোভিশনে ফিলিপাইনের জয়, ২১১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ১৯ বছরের কারমেল

এশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত ইউরোভিশন গান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফিলিপাইনের গায়িকা কারমেল কোলাডো। শনিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে তাঁর গাওয়া পপ ও র্যাপ ধাঁচের গান ‘সোবরা-সোবরা’ সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়।
একক নাম ‘কারমেল’ হিসেবে পরিচিত এই গায়িকার বয়স ১৯ বছর। ফাইনালে তিনি পেয়েছেন ২১১ পয়েন্ট, যা আয়োজক থাইল্যান্ডের চেয়ে ৪১ পয়েন্ট বেশি। তৃতীয় হয়েছে ভিয়েতনাম। জাতীয় জুরি ও দর্শক—দুই ভোটেই সবার ওপরে ছিলেন কারমেল।
কারমেল বেড়ে উঠেছেন ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব লুজনের বিকোল অঞ্চলে, রেললাইনের পাশে। মাত্র ১২ বছর বয়স থেকে তিনি টেলিভিশনের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
তাঁর জয়ী গান ‘সোবরা-সোবরা’য় পপ ও র্যাপের সঙ্গে মিশেছে ফিলিপাইনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কুবিং ও কুলিনতাং। গানটি গাওয়া হয়েছে তাগালোগ ও ইংরেজি ভাষায়।
জয়ের পর কারমেল বলেন, তাঁর গানটি নারীর ক্ষমতায়নের উদ্যাপন এবং সব ফিলিপিনো নারীর প্রতি শ্রদ্ধার্ঘ্য। তিনি বলেন, ‘আমি ইতিহাস গড়লাম, কারণ এটাই ছিল প্রথমবার। এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব, কারণ এটি একটি বৈশ্বিক মঞ্চ। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, সবাইকে ধন্যবাদ।’
ফাইনালের আগে তিনি বলেছিলেন, গানটি বর্ণনা করে ফিলিপিনো নারীরা কতটা আপসহীন, স্বাধীন ও শক্তিশালী—যা শুধু তাঁর নিজের কথা নয়, সব ফিলিপিনো নারীর কথা।
ইউরোপের বাইরে আয়োজিত এই প্রথম আঞ্চলিক সংস্করণে অংশ নিয়েছে ১১টি দেশ। বিজ্ঞাপনসহ পুরো অনুষ্ঠান চলেছে আড়াই ঘণ্টা। অনুষ্ঠানের শুরুতে আয়োজক দেশের সংস্কৃতি তুলে ধরা হয়—মুয়ে থাই যোদ্ধাদের সঙ্গে মঞ্চ ভাগ করেন স্ট্রিট ফুডের গাড়ি নিয়ে আসা পরিবেশকরা। এরপর ১১টি দলকে নিজ নিজ জাতীয় পতাকা হাতে টুকটুকে করে মঞ্চে আনা হয়।
ভিয়েতনামের তোক তিয়েন সবার আগে পরিবেশনা করেন; ২০ বছরের বেশি সময় ধরে তিনি নিজ দেশের তারকা। আয়োজক থাইল্যান্ডের পক্ষে মাং ও দাউ নামের জুটি পরিবেশন করেন একটি দ্বৈত গান। নেপালের প্রতীক হিমাল রাই গেয়েছেন ‘অনন্ত মায়া’ নামের রক ব্যালাড; পেছনে ছিল আগুনের চিত্র ও বড় হৃদয় আকৃতির কাঠামো।
নেপালের প্রতীক তাঁর পরিবেশনা শেষ করেন নিজ দেশের জন্য সমর্থন চেয়ে। তিনি বলেন, তাঁর দেশ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত আগস্টে চীনা সীমান্তের কাছে শিলা ও বরফ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত ও ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানানো হয়।
বাংলাদেশের ব্যান্ড বিটমোস্ফিয়ার কোনো বাদ্যযন্ত্র ছাড়াই গান পরিবেশন করে। নয় সদস্যের এই আ কাপেলা ও বিটবক্স দলের তিন সদস্য ফাইনালে অংশ নিতে পারেননি, কারণ নিয়ম অনুযায়ী মঞ্চে সর্বোচ্চ ছয়জন পরিবেশক থাকতে পারেন।
ভুটানের প্রতিযোগী নিয়েন্দ্রা গেয়েছেন দেশের ঐতিহ্যবাহী পুরুষ পোশাক ঘো পরে, পেছনে ছিল হিমালয়ের শৃঙ্গের দৃশ্য। মঙ্গোলিয়ার বেক পরিবেশনা করেন ঐতিহ্যবাহী দিল পোশাকের আধুনিক রূপ পরে।
ফলাফলের অর্ধেক নির্ধারিত হয়েছিল অনুষ্ঠানের আগেই। শুক্রবার রাতের ড্রেস রিহার্সালে ১১টি জাতীয় জুরি ভোট দিয়ে ফিলিপাইনকে ৯৩ পয়েন্ট দিয়ে শীর্ষে রাখে; এরপর ছিল ভিয়েতনাম ও মালয়েশিয়া। বাকি অর্ধেক ভোট এসেছে বিশ্বজুড়ে দর্শকদের কাছ থেকে—তাঁরা অনলাইনে ভোট দিতে পেরেছেন, তবে নিজ দেশকে ভোট দেওয়া যায়নি। প্রত্যেকে পেয়েছেন আটটি করে বিনা মূল্যের ভোট, আরও ১০টি ভোট কেনার সুযোগ ছিল।
লাওসের প্রতিযোগী থিনলা পরিবেশনার সময় নিজের গান শুনতে পাননি; সব সরাসরি পরিবেশনা শেষ হওয়ার পর তাঁর ড্রেস রিহার্সালের পরিবেশনা প্রচার করা হয়। তিনি পঞ্চম হয়েছেন এবং রাতের তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন বলে জানানো হয়েছে।


