আবাসন সংকটের প্রতিবাদে পর্তুগালজুড়ে রাস্তায় হাজার হাজার মানুষ, ভাড়ায় সীমা ও ভাড়াটে সুরক্ষার দাবি
বেড়ে চলা ভাড়ার প্রতিবাদে পর্তুগালের ৩০টির বেশি শহর ও জনপদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। সরকারের কাছে জরুরি পদক্ষেপের দাবিতে হওয়া এই বিক্ষোভ ছিল সামাজিক আন্দোলনটি শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় জাতীয় সমাবেশ।
‘কাসা পারা ভিভের’ (বাঁচার জন্য ঘর) প্ল্যাটফর্মের আয়োজনে শনিবারের বিক্ষোভ হয় ‘তারা আমাদের বাড়ির অধিকার ছিনিয়ে নিতে পারবে না’ স্লোগানে। লিসবন, পোর্তো, ফারো, পোর্তিমাও, কোয়িমব্রা ও ব্রাগাসহ নানা জায়গায় মিছিল হয়েছে।
কিশোর থেকে অবসরপ্রাপ্ত—নানা বয়সী মানুষ বড় বড় ব্যানারের পেছনে হেঁটেছেন। লিসবনের মিছিলে ছিল ঢোল, সংগীত ও স্লোগান।
বিক্ষোভকারীরা ভাড়া বৃদ্ধিতে সীমা আরোপ, উচ্ছেদের বিরুদ্ধে ভাড়াটেদের আরও আইনি সুরক্ষা এবং আরও সাশ্রয়ী আবাসনের দাবি জানিয়েছেন। ভাড়া আইনে প্রস্তাবিত পরিবর্তন বাতিলের দাবিও তুলেছেন তাঁরা।
কাসা পারা ভিভেরের মুখপাত্র রিতা সিলভা লুসা বার্তা সংস্থাকে বলেন, দেশজুড়ে এই সমাবেশ দেখিয়ে দিয়েছে আবাসন সংকট পুরো দেশকেই আক্রান্ত করেছে, শুধু বড় শহরগুলোতে সীমাবদ্ধ নয়।
প্রায় ১০০টি আবাসন সংগঠন ও তৃণমূল সংগঠনকে এক ছাতার নিচে আনা এই প্ল্যাটফর্ম ভাড়া চুক্তি, স্বল্পমেয়াদি পর্যটক আবাসন এবং খালি পড়ে থাকা সম্পত্তির ওপর কঠোর নিয়ন্ত্রণ চায়।
সম্প্রতি পার্লামেন্ট ভাড়া চুক্তিতে আরও নমনীয়তা আনা ও উচ্ছেদ প্রক্রিয়া দ্রুত করার সরকারি প্রস্তাব অনুমোদন করেছে। আবাসন অধিকারকর্মীরা সতর্ক করেছেন, বেড়ে চলা ভাড়া ও সীমিত আবাসনের মধ্যে এই পরিবর্তন ভাড়াটেদের সুরক্ষা দুর্বল করতে পারে।
সরকারি পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালে বাড়ির দাম আয়ের তুলনায় অনেক দ্রুত বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট গত সপ্তাহে জানিয়েছে, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাড়ির দাম ও আয়ের অনুপাত বৃদ্ধিতে পর্তুগাল ইইউতে শীর্ষে—৬১ শতাংশ বেড়েছে; দ্বিতীয় নেদারল্যান্ডসে বেড়েছে ৩৪ শতাংশ।
জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট গত মাসে জানিয়েছে, গত বছরের প্রথম প্রান্তিক থেকে ২০২৬ সালের প্রথম প্রান্তিকের মধ্যে সম্পত্তির দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। সরকারের হিসাব অনুযায়ী, ২০২০ সালের পর থেকে ভাড়া বেড়েছে ৬৮ শতাংশ। এই ঊর্ধ্বগতির বড় কারণ বিদেশি ক্রেতা ও বিনিয়োগ তহবিল; সমুদ্রঘেঁষা মনোরম আবহাওয়ার কারণে দেশটি দূর থেকে কাজ করা পেশাজীবী ও অবসরপ্রাপ্তদের আকর্ষণ করছে।
সরকার প্রতিক্রিয়ায় নতুন নির্মাণে কর কমিয়েছে, স্বল্পমেয়াদি ভাড়া সীমিত করেছে এবং ১ লাখ ৪৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে; তবে স্বীকার করেছে, এর ফল সঙ্গে সঙ্গে মিলবে না। কাসা পারা ভিভেরের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রোকে সরাসরি তাঁদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
পর্তুগালের সাম্প্রতিক সপ্তাহগুলোর এই বিক্ষোভ অনুপ্রেরণা পেয়েছে প্রতিবেশী স্পেনে গত মাসে একই ধরনের আবাসন সমস্যা ও জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ থেকে। এ বছরের দ্বিতীয়ার্ধে ইউরোপজুড়ে তরুণদের নেতৃত্বে বিক্ষোভের ঢেউ ছড়িয়েছে, যেখানে বিক্ষোভকারীরা বাড়তি দাম ও ভবিষ্যৎ সম্ভাবনার অভাবের প্রতিবাদ করছেন।

