…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ভৈরবের পানিতে আকাশের ছায়া ফেরাতে নদে নামলেন ডা. ঊষা, পাশে দাঁড়াল যশোর

নিজস্ব প্রতিবেদক
ভৈরবের পানিতে আকাশের ছায়া ফেরাতে নদে নামলেন ডা. ঊষা, পাশে দাঁড়াল যশোর
ছবি: সংগৃহীত

যশোরের বুক চিরে বয়ে চলা ভৈরব নদের পানিতে তাকালে নিজের কিংবা আকাশের কিছুর প্রতিবিম্বই দেখা যায় না। কারণ কলকারখানা, বাসাবাড়ি, রেস্তোরাঁ ও হাসপাতালের বর্জ্যে এর পানি ঘন কালো হয়ে গেছে। সেই সঙ্গে কচুরিপানা জমে নদটি ভাগাড়ে পরিণত হয়েছে।

কিন্তু ভৈরবের পানিতে নিজেকে দেখতে চান যশোরের তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা ঊষা। সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেই ভৈরবের দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে নেমে শুরু করেন কচুরিপানা অপসারণ। সেই ছবি সম্প্রতি নিজের ফেসবুক পেজে আপলোড করে যশোরবাসীকে আহ্বান জানান ভৈরবকে আদিরূপে ফেরানোর। তাঁর এ আহ্বানে পাওয়া গেছে অভূতপূর্ব সাড়া।

৯ নভেম্বর সকালে ভৈরব পাড়ে জড়ো হন অর্ধশতাধিক তরুণ-তরুণী। এরপর নেমে পড়েন ভাগাড়ে পরিণত হওয়া দুর্গন্ধযুক্ত নদটিতে। স্বেচ্ছাশ্রমে শুরু করেন কচুরিপানা অপসারণের কাজ। তাঁদের পরিশ্রমে দড়াটানা ব্রিজের পূর্বপাশের অনেকটাই এখন পরিষ্কার।

তবে স্বেচ্ছাশ্রমে সাময়িকভাবে আবর্জনা সরানো সম্ভব হলেও, ভৈরবের বুকে স্বচ্ছ পানি ফেরাতে প্রশাসনকেই নিতে হবে দীর্ঘমেয়াদি উদ্যোগ—মনে করছেন এসব তরুণ-তরুণী।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক তারিক মাহবুব বলেন, ‘হাসপাতালের বর্জ্য, ইনজেকশনের সুচ, কাচসহ নানা ঝুঁকিপূর্ণ জিনিস রয়েছে এই নদীর পানিতে। তারপরও চিকিৎসক ঊষার ফেসবুক পোস্ট দেখে এই উদ্যোগে যুক্ত হয়েছি।’

এ ছাড়া ‘ওয়াফ ফাউন্ডেশন’-এর ব্যানারে প্রায় ১০০ স্বেচ্ছাসেবক গত শুক্রবার নদে নেমে কচুরিপানা পরিষ্কার করেছেন। প্রতিদিন বিভিন্ন সংগঠনের সদস্য ছাড়াও যোগ দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।

নদ পরিষ্কারে যোগ দেন যশোরের রাবি ফোরামের সদস্যরা। ফোরামের সদস্য ও ব্লাস্ট যশোরের সমন্বয়কারী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর বলেন, ‘স্থানীয় প্রশাসনের দায়সারা ভাবের কারণে নদের আজ এই অবস্থা। ডা. ঊষার একার এই উদ্যোগে বাড়িতে থাকতে পারলাম না। আজ যেহেতু ছুটির দিন, আমরা রাবি ফোরামও ডা. ঊষার সঙ্গে সংহতি প্রকাশ করে এসেছি।’

ভৈরব নদ সংস্কার ও দূষণ প্রতিরোধ নিয়ে দীর্ঘদিন কাজ করছে জনউদ্যোগ যশোর। তাদের সদস্যরাও এদিন অংশ নেন ভৈরব পরিষ্কারে। সংস্থাটির যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার বলেন, ‘নদী খননের আগে পাড়সহ নদটির প্রস্থ ছিল ২৬৩ ফুট, খননের পর তা কমে দাঁড়িয়েছে ১০০ ফুটে। বিপুল অর্থ ব্যয়ে খননকাজ সম্পন্ন হলেও নদটির বর্তমান অবস্থা নিয়ে হতাশা রয়েছে। একজন চিকিৎসকের আহ্বানে অর্ধশতাধিক তরুণের নদে নেমে পড়া তাই নতুন আশার বার্তা দিচ্ছে। তবে এক দিনের স্বেচ্ছাশ্রমে ভৈরবের সব সংকট দূর হবে না। এর জন্য প্রয়োজন নদদূষণ বন্ধ, নিয়মিত পরিচর্যা, কচুরিপানা অপসারণ এবং কার্যকর সরকারি উদ্যোগ।’

যশোর শহরের বুক চিরে বয়ে চলা ভৈরব নদে একসময় জোয়ার-ভাটা ফিরিয়ে আনতে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে খননকাজ করা হয়। তবে খননের পর নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় আবারও কচুরিপানা ও ময়লায় ঢেকে গেছে নদটি। অভিযোগ রয়েছে, আশপাশের হাসপাতাল, হোটেল, দোকান ও বাসাবাড়ির বর্জ্যও সরাসরি নদে ফেলা হচ্ছে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব।

যশোর শহরের ঘোপ ও বারান্দিপাড়া এলাকায় বেড়ে ওঠা সাদিয়া মনোয়ারা ঊষার শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে ভৈরব নদ। তিনি খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে নানা জায়গায় দায়িত্ব পালন করলেও নিজের শহরের ভৈরবের এমন দুরবস্থা তাঁকে নাড়া দেয়। কেননা ভৈরব নদ যশোরের ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের সঙ্গে মিশে থাকা এক প্রাচীন জলধারা। একসময় যে নদ ছিল শহরের প্রাণ, সেই ভৈরবের বর্তমান চিত্র ঊষাকে ব্যথিত করে। তাই তো প্রতিদিন সকালে নিজেই পানিতে নেমে করেন কচুরিপানা পরিষ্কার।

ঊষা বলেন, ‘সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। কিন্তু শহরের প্রাণ ভৈরব নদ এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। নদীর দুই পাশের হাসপাতাল, মাংসের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বর্জ্য ফেলা হচ্ছে।’

ঊষা আরও বলেন, ‘শুরুটা হয়েছে একটি সুন্দর স্বপ্ন থেকে। ভৈরবের স্বচ্ছ পানিতে আবার আকাশের ছায়া পড়বে, জোছনা রাতে দেখা যাবে চাঁদ। আমার এই স্বপ্ন এখন আর একার নয়; তাতে শামিল হয়েছেন অনেক মানুষ। তবে এই পথ অনেক কঠিন। চিকিৎসক হিসেবে রোগীকে সুস্থ করতে যেমন আশা ছাড়ি না; তেমনি এই ভৈরব বাঁচাতে আশা ছাড়ছি না। এ জন্য নদীর প্রবাহ ফিরিয়ে আনা, দখল বন্ধ ও সঠিক ব্যবস্থাপনা জরুরি।’ ডা. ঊষার এই অনুভূতির সঙ্গে একাত্ম তাঁর মা রওনক রায়হানাও।

এদিকে স্বেচ্ছাসেবীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যশোর পৌরসভা। প্রতিষ্ঠানটির পানি ও পয়োনিষ্কাশন বিভাগের প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘ভৈরব নদ যশোরের ঐতিহ্য ও শহরের প্রাণ। নদ পরিষ্কারে সাধারণ মানুষের এগিয়ে আসা প্রশংসনীয়। নদে বর্জ্য ফেলা বন্ধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভা দ্রুত পদক্ষেপ নেবে। এ কাজে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও যুক্ত করা হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ
স্বাস্থ্য

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ

যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্যানসার সোসাইটি প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা দিয়েছে। ১২ নভেম্বর প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় গড় ঝুঁকিতে থাক…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে
স্বাস্থ্য

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্…