কুমিল্লায় বিরিয়ানিতে নিষিদ্ধ গোলাপজল-কেওড়াজল, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিষিদ্ধ উপাদান ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে এই জরিমানা করা হয়।
রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও ও কাচ্চি তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি খাবার তৈরির পরিবেশও ছিল অস্বাস্থ্যকর।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




