২০৩১ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত, চূড়ান্ত আইসিসির সূচি ২০৩৫ পর্যন্ত
২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের বৈশ্বিক টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সূচি অনুযায়ী ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত।
রোববার ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বিভিন্ন টুর্নামেন্টের সময়সূচি, বাছাইপর্বের কাঠামো ও অংশগ্রহণের পথ অনুমোদন দেওয়া হয়েছে।
আইসিসির অনুমোদিত সূচিতে ২০২৮ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বড় আসরগুলোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ গড়াবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত, বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে।
সূচি অনুযায়ী ২০২৮ সালের ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ২০২৯ সালের ৮ থেকে ১২ জুন ইংল্যান্ডে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। একই বছরের ৯ থেকে ২৮ অক্টোবর ভারতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
২০৩০ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। ২০৩১ সালের ১২ থেকে ১৬ জুন ইংল্যান্ডে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এরপর অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ-ভারতের ওয়ানডে বিশ্বকাপ।
২০৩২ সালের ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর টি-টুয়েন্টি বিশ্বকাপ, ২০৩৩ সালের ৯ থেকে ১৩ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ২ থেকে ২৩ অক্টোবর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে। ২০৩৪ সালের ৬ জুলাই থেকে ৬ আগস্ট হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ।
২০৩৫ সালের ৭ থেকে ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ২ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। তবে ২০৩২ থেকে ২০৩৫ সালের এসব আসরের আয়োজক এখনো চূড়ান্ত হয়নি।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বও চূড়ান্ত করেছে আইসিসি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ১০ দলকে নিয়ে হবে এই প্রতিযোগিতা। দুই গ্রুপে পাঁচটি করে দল খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে মূল বিশ্বকাপে জায়গা পাওয়া চার দল।
বাছাইপর্বের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপের গ্রুপপর্বে খেলবে। বাকি তিন দল সুপার সিরিজে অংশ নেবে, সেখান থেকে নির্ধারিত হবে গ্রুপপর্বের শেষ দল।
২০২৮ সালের ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বৈশ্বিক বাছাইয়ে খেলবে ১৬ দল। ২০২৮ সালের শুরুর দিকে গড়াতে চলা বাছাইপর্বে হবে ৩১টি ম্যাচ। চার গ্রুপে ভাগ হয়ে খেলার পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে। প্রতিযোগিতা থেকে আটটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতেও বাকি দলগুলো নির্বাচন করা হবে।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্বের আয়োজক দেশ ও সময়সূচিও ঘোষণা করেছে আইসিসি। ছেলেদের বাছাইপর্ব হবে বাংলাদেশে, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি। মেয়েদের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ। দুই বাছাইপর্বেই অংশ নেবে আটটি করে দল, দুই গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে ফাইনালে এবং ফাইনালের জয়ী দল পাবে অলিম্পিকে খেলার টিকিট।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বলেছেন, বৈশ্বিক ক্রিকেটের কাঠামোকে আরও শক্তিশালী করতে টুর্নামেন্টের সূচি ও বাছাইপর্বের পথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘমেয়াদি সূচি খেলোয়াড় ও সদস্য দেশগুলোকে পরিকল্পনা সাজানোর সুযোগ দেবে বলেও তিনি উল্লেখ করেন।



